জাবিতে ১ম বর্ষের ভর্তি আবেদন শুরু আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে। আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত সোমবার প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট admission.juniv.edu-তে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ই ইউনিটে ৭০০ টাকা এবং সি১ ইউনিট ও আইবিএ-জেইউর জন্য আবেদন ফি ৬০০ টাকা। এর সঙ্গে সব ইউনিটের আবেদন ফির ওপর ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে।

আবেদন ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।