লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ২

লালমনিরহাট জেলায় ট্রাক, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানান লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম।

নিহতরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং কুলাঘাট এলাকার মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।

পুলিশ ও স্থানীয়দের বরাতে ওসি রেজাউল ইসলাম জানান, সকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে যানবাহন দুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হকের মৃত্যু হয়। একই সঙ্গে নছিমনে থাকা একটি গরুও মারা যায়।

অন্যদিকে, গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ইমদাদুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি রেজাউল ইসলাম।