ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়ার স্থানীয় ও জাতীয় মার্সুপিয়াল (থলিযুক্ত) স্তন্যপায়ী প্রাণী। শক্তিশালী পেছনের পা দিয়ে লাফিয়ে চলার জন্য এই প্রাণী বিখ্যাত। এরা ঘণ্টায় প্রায় ৬০ কিমি বেগে দৌড়াতে পারে। শারীরিকভাবে তাদের পা ৪টি, তবে চলার সময় শক্তিশালী লেজ পঞ্চম পায়ের মতো কাজ করে। যে কারণে একে ‘পাঁচ পায়ের প্রাণী’ বলে। ক্যাঙ্গারু যখন ধীরগতিতে হাঁটে বা ঘাস খায়, তখন সামনের দুটি ছোট হাত ও পেছনের দুটি পায়ের পাশাপাশি লেজটি শরীরের ভারসাম্য বজায় রাখে। গবেষণায় দেখা গেছে, সামনের ও পেছনের চার পায়ের মিলিত শক্তির সমান কাজ করে লেজটি। অন্য ক্যাঙ্গারুর সঙ্গে লড়াই করার সময় এরা লেজের ওপর ভর দিয়ে পেছনের দুই পা শূন্যে তুলে লাথি মারতে পারে। তবে ক্যাঙ্গারু পেছনের দিকে হাঁটতে পারে না। তাদের এক লাফের দূরত্ব প্রায় ২৫ ফুট। ক্যাঙ্গারু সাধারণত রাতের বেলায় খায়। ফসিলের নমুনা থেকে অনুমান করা হয়, ক্যাঙ্গারুরা প্রায় ১৫ মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে অস্ট্রেলিয়ায় আসে। ৮ মিলিয়ন বছর আগে জলবায়ু পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়ার অতিবৃষ্টি অরণ্যগুলোর জায়গায় উন্মুক্ত বনাঞ্চল ও সাভানা তৃণভূমির আবির্ভাব ঘটে। ফলে ক্যাঙ্গারুরাও বিবর্তিত হয়ে নানা প্রজাতিতে রূপ নিয়েছে। আদি ক্যাঙ্গারু ছিল বিশালাকার, প্রায় ১০ ফুট লম্বা ও ওজন ছিল ২০০ কেজি। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক এবং বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। বন্য পরিবেশে তারা গড়ে প্রায় ৬-৮ বছর বাঁচে।