রোহিঙ্গা বিষয়ক কূটনীতির নতুন পথ খুলেছে

সুপরিকল্পিতভাবে একটি জাতিগোষ্ঠীকে নিধনকল্পে শুধু মিয়ানমারের সেনাবাহিনীই নয়, দেশটির সরকার এবং বেসামরিক প্রশাসনও এর সঙ্গে যুগপৎভাবে অংশগ্রহণ করেছে আন্তর্জাতিক আদালতের রায়ে এমনটিই উঠে এসেছে গত ১৯ নভেম্বর। এই রায়ের মধ্য দিয়ে এই প্রধমবারের মতো আন্তর্জাতিক আদালত কোনো রাষ্ট্রকে একটি জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার মতো অপরাধে দোষী সাব্যস্ত করে রায় দিল। বলার অপেক্ষা রাখে না, এমনটাই প্রত্যাশিত ছিল। ২০১৯ সালে আফ্রিকার ছোট মুসলিম দেশ গাম্বিয়া মিয়ানমারের রাখাইন রাজ্যে জেনোসাইড সংগঠনের দায়ে মিয়ানমার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাটি করে। ১৯৪৮ সালের আন্তর্জাতিক জেনোসাইড কনভেনশনের আলোকে এ ধরনের মামলা করতে হলে এই কনভেনশনের স্বাক্ষরকারী হতে হয়। সেই দিক দিয়ে গাম্বিয়া এই কনভেনশনের স্বাক্ষরকারী হিসেবে মামলাটি করেছে। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের পরিবর্তে গাম্বিয়াকে কেন এই মামলাটি করধতে হলো। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো বিষয়টিকে নিরপেক্ষভাবে আন্তর্জাতিকীকরণ এবং বাংলাদেশ যে এর ফলে ভুক্তভোগী হচ্ছে এবং এখানে মিয়ানমারের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক কোনো স্বার্থসংশ্লিষ্ট বিষয় যে সম্পৃক্ত নেই, বরং মিয়ানমার চরমভাবে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করছে, সেটিকে আরও স্পষ্টভাবে তুলে ধরে। উল্লেখ্য, ওআইসি এই বিষয়ে সংগঠনগত দিক দিয়ে আর্থিক ও কারিগরি এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সার্বিক তথ্য প্রদান করে এই মামলায় সহায়তা করেছে।

আইসিজের এই রায়টি অতীতের যেকোনো রায়ের তুলনায় অনন্য এ কারণেই এই প্রথমবারের মতো আন্তর্জাতিক আদালত জেনোসাইডের দায়ে কোনো রাষ্ট্রকে অপরাধী হিসেবে সাব্যস্ত করেছে। এই রায়ের মধ্য দিয়ে এর আগে মিয়ানমার সরকার কর্র্তৃক আইনের মাধ্যমে ঘোষিত তাদের নাগরিকত্ব বাতিলের বিষয়টিকে খারিজ করে দেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদলতের রায়ে এটাও প্রমাণিত হয়েছে যে ২০১৭ সালে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা, ধর্ষণ ও নির্যাতন করে হয়েছে এবং তারা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময়েও এই নির্যাতন অব্যাহত ছিল। আরও ভয়াবহ হচ্ছে নারী, শিশু এবং বৃদ্ধদের ঘরের ভেতর রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, রোহিঙ্গাদের প্রজননস্বাস্থ্যে বাধাগ্রস্ত করে তাদের সংখ্যা কমানোর চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক আদালতের এই রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনে রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়টি নতুন করে উঠে এসেছে। এই রায়ে রাষ্ট্রের ভূমিকার বাইরেও সেনাবাহিনী এমনকি বেসামরিক প্রশাসন এবং নাগরিকদের পক্ষ থেকেও রোহিঙ্গাদের জাতিসত্তাকে টার্গেট করা হয়েছে। আন্তর্জাতিক আইনানুযায়ী একটি রাষ্ট্রের দায় হচ্ছে দেশের অভ্যন্তরে বসবাসরত প্রতিটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা। আদালতের রায়ে এটাও প্রতিফলিত হয়েছে, রোহিঙ্গারা মিয়ানমারে প্রজন্মের পর প্রজন্ম বসবাস করছে, সেখানে বিদ্যমান শতাধিক জাতিগোষ্ঠী থেকে তাদের পৃথকীকরণ করে তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং নাগরিক অধিকার হরণ করা হয়েছে, যা রাষ্ট্র কখনো করতে পারে না। মিয়ানমার সরকারের প্রতি তাদের নাগরিক অধিকার ফেরত দিয়ে দেশটিতে তাদের নিরাপদে প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমার সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের রায়ের মাধ্যমে।

রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের আলোকে প্রয়োজনীয় আইন তৈরি করে তা কার্যকর করা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সেই সঙ্গে তাদের নিরাপত্তা এবং মানবাধিকার নিশ্চিতকল্পে মিয়ানমারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। বৈশ্বিক এই সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমারকে পরিকল্পিতভাবে ‘জেনোসাইড’ (কেবল গণহত্যা নয়), সংগঠনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিছক ‘গণহত্যার’ মধ্যে সীমাবদ্ধ নয়, আক্ষরিক অর্থে ‘জেনোসাইড’ শব্দটি ‘গণহত্যা’র চেয়ে অনেক ব্যাপক অর্থ বহন করে। গণহত্যা বলতে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনে কেবল ব্যাপক অর্থে মানুষ নিধনকে বুঝানো হয়ে থাকে। এখানে মিয়ানমার সরকারকে জেনোসাইড সংগঠনের দায়ে অভিযুক্ত করা হয়েছে, যার অর্থ হচ্ছে একটি জাতির জাতিগত পরিচয় সম্পূর্ণভাবে মুছে দিতে পরিকল্পিতভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় সামরিক বাহিনী, বেসামরিক প্রশাসন এবং সাধারণ মানুষ অংশ নিয়েছে। সরকার এক্ষেত্রে রক্ষকের পরিবর্তে নির্যাতনকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং রাষ্ট্রের দায় চরমভাবে লঙ্ঘিত হয়েছে। আইসিজের রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর কী বাধ্যবাধকতা সৃষ্টি হলো এটি জানতে হলে আমাদের আগে বুঝতে হবে এটিকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে মিয়ানমার সরকার কতটা বাধ্য। এখানেই আন্তর্জাতিক আইনের সঙ্গে রাষ্ট্রীয় আইনে মৌলিক পার্থক্যের জায়গাটি সামনে চলে আসে। রাষ্ট্রীয় আইন ভঙ্গ করলে বা অমান্য করলে আইনের শাসন সমুন্নত রাখতে রাষ্ট্রের যেমন দায়িত্ব এবং কর্র্তৃত্বের জায়গাটি থেকে যায়, আন্তর্জাতিক আইনের এরূপ বিচ্যুতি ঘটলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব থাকলেও কর্র্তৃত্বের জায়গাটি ‘সংকুচিত’। এখানে ‘সংকুচিত’ শব্দটি ব্যবহারের কারণ হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে কোনো পুলিশ বা আইন রক্ষাকারী বাহিনী না থাকায় রাষ্ট্রগুলো বিভিন্ন আন্তর্জাতিক আইন মান্যতা দেবে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষাকল্পে। এক্ষেত্রে কোনো দেশ যদি এ ক্ষেত্রে এর বিচ্যুতি ঘটায়, তাহলে আলোচনা, সমঝোতা, মধ্যস্থতাসহ অপরাপর কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের এখতিয়ার থাকবে, তবে সেটা অবশ্যই হতে হবে সর্বসম্মতিক্রমে। এখানে আমরা দেখতে পাচ্ছি আইসিজের রায়ের পরই মিয়ানমার সরকারের পক্ষ থেকে এটিকে প্রত্যাখ্যান করা হয়েছে। তারা যদি এই রায়ের মাধ্যমে আইসিজে কর্র্তৃক তাদের জেনোসাইড সংগঠনের অভিযোগকে প্রত্যাখ্যান করতে চায়, সে ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ব্যবস্থা গৃহীত হওয়ার পূর্বে তাদের এই দাবিকে তাদের হয়ে কেউ সমর্থন করতে পারে, তবে আইসিজের এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাওয়ার কোনো আইনি সুযোগ নেই।

ধরে নিলাম একটা পর্যায়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি মিয়ানমার সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে চায়, তাহলে রাশিয়া বা চীন, এতদিন ধরে যাদের সঙ্গে তাদের বিশেষ সখ্যের সম্পর্ক রয়েছে, তারা মিয়ানমারের পক্ষে অবস্থান নিতে পারে, আর সেখানেই এই রায়ের কার্যকারিতার পথে বাধা আসতে পারে। তবে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাষ্ট্রকে জেনোসাইড সংগঠনে অভিযুক্ত করার ঘটনা ইতিহাসে এটাই প্রথম, সে বিবেচনায় এই রায়ের প্রতি সম্মান এবং ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার দায়িত্ব গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের। আইসিজের রায়ের মধ্য দিয়ে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন একটি আশাবাদের দিক হচ্ছে ইসরায়েল এবং গাজার সংকট সমাধানে এ ধরনের আরেকটি রায় আসতে পারে। মিয়ানমার সরকারের এই পরিকল্পিত জেনোসাইডের দিকটি যেমন গাম্বিয়া, ওআইসি এবং বাংলাদেশের তৎপরতার মধ্য দিয়ে প্রমাণ করা গেছে, গাজায় ইসরায়েল একই অপরাধ করেছে, বিষয়টি প্রমাণ করার অনেক আলামত স্পষ্ট। উল্লেখ্য, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জেনোসাইডের অভিযোগে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যা এখন বিচারাধীন, ধারণা করা যায় কয়েক বছরের মধ্যে এই মামলার রায় হবে। আন্তর্জাতিক আদালতের যে পর্যবেক্ষণ রোহিঙ্গাদের ক্ষেত্রে মিয়ানমার সরকারের বিষয়ে উঠে এসেছে, ইসরায়েলের পক্ষ থেকেও গত ৩ বছরের বেশি সময় ধরে প্রায় ৮০ হাজারের মতো মানুষ হত্যার মধ্য দিয়ে তাদের একই অভিযোগে অভিযুক্ত করার সুযোগ স্পষ্ট। নিহতদের বেশিরভাগ নারী, শিশু এবং বৃদ্ধ, হামাস নামক সংগঠনকে নিশ্চিহ্ন করে দিয়ে গাজার মাটি থেকে পুরো মুসলিম ফিলিস্তিনিদের উৎখাত করার পরিকল্পনার চেয়ে নৃশংস জেনোসাইড আর কী হতে পারে! তবে এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটি চলে আসে, এমন হলে আন্তর্জাতিক পরিসর থেকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা কি আদৌ সৃষ্টি হবে কি না। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে এতদিন তাদের সব অপকর্মকে পৃষ্ঠপোষকতা করে আসছে। ইসরায়েলকে যদি দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তাকে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকেও একই অপরাধে অপরাধী করা যেতে পারে। সে রকম হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সদস্য রাষ্ট্রকে এমন অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দায়বদ্ধতার মুখোমুখি হওয়া লাগতে পারে। বিষয়টি কি আসলে এতটা সহজ?

সহজ হোক আর কঠিন হোক, আন্তর্জাতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে আন্তর্জাতিক আইনকে মান্যতা দেওয়া প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। রোহিঙ্গা হোক আর ফিলিস্তিনের নির্যাতিত মানুষ হোক, কোনো মানুষ রাষ্ট্রীয় পরিচয়ের বাইরে ‘রাষ্ট্রহীন’ থাকতে পারে না, এরচেয়ে লজ্জার বিষয় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আর কী হতে পারে! রোহিঙ্গারা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ‘রাষ্ট্রহীন’ গোষ্ঠী হিসেবে পরিচিত। এরচেয়ে বড় বিষয় হচ্ছে যতই এসব বিষয়কে এড়িয়ে চলার প্রবণতা দেখা যাচ্ছে, এগুলোর মাত্রাও কিন্তু তত বেশি বেড়ে যাচ্ছে। ইউক্রেনের শরণার্থী সংকট এখন নতুন করে ভোগাচ্ছে ইউরোপকে। এই রায় আমাদের সরকারের জন্য রোহিঙ্গা কূটনীতিকে নতুন করে ঢেলে সাজানোর বার্তা দিচ্ছে। এ নিয়ে বৈশ্বিক জনমত গঠনকে সহজ করে দিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকারকে নতুন লক্ষ্য নির্ধারণ করতে হবে।

লেখক : কূটনীতি ও দেশ-বিদেশের রাজনীতি বিশ্লেষক। অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

 mfulka@yahoo. com