আল্লাহর প্রিয় বান্দাদের দুটি বিশেষ দোয়া

প্রতিটি মুমিনের জীবনে দুটি আকাক্সক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, অন্যটি হলো পরিবার-পরিজনকে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরতে গিয়ে এমন দুটি দোয়া শিখিয়েছেন, যেখানে একজন মুমিনের জীবনের বড় চাওয়া ও প্রত্যাশা প্রকাশ পেয়েছে। দোয়া দুটি রয়েছে সুরা ফুরকানের শেষ দিকে।

প্রথম দোয়া : ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি সরিয়ে দিন।’ (সুরা ফুরকান ৬৫)

আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে ইবাদত করেন। নামাজে দাঁড়িয়ে ও সেজদাবনত হয়ে রাত কাটান। এত ইবাদতের পরও তারা নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগেন না। বরং অন্তরে জাহান্নামের ভয় ধারণ করেন এবং আল্লাহর কাছে শাস্তি থেকে মুক্তি চান। তাদের এই দোয়া আমাদের শেখায়, নেক আমলের পাশাপাশি আল্লাহর রহমত ও ক্ষমার প্রত্যাশা করাও জরুরি।

দ্বিতীয় দোয়া : ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন, যাদের দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়। আর আমাদের মুত্তাকিদের আদর্শ বানিয়ে দিন।’ (সুরা ফুরকান ৭৪)

এ দোয়ায় একজন মুমিনের পারিবারিক জীবনের প্রকৃত প্রত্যাশা ফুটে উঠেছে। তিনি এমন পরিবার চান, যেখানে সবাই ইমান ও আমলে সমৃদ্ধ হবে, আল্লাহর বিধান মেনে চলবে এবং নেক পথে জীবন পরিচালনা করবে। একই সঙ্গে তিনি নিজেও এমন তাকওয়া অর্জন করতে চান, যেন অন্যরা তার জীবন থেকে সৎপথের শিক্ষা নিতে পারে।