মসজিদ মুসলমানদের ইবাদতের স্থান। ইবাদতের পাশাপাশি শিক্ষা, সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার কেন্দ্র হিসেবেও মসজিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ধারণাকে গুরুত্ব দিয়ে নতুন একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। দেশটির তাম্পিনিস নর্থ এলাকায় নির্মিতব্য এ মসজিদে একসঙ্গে প্রায় চার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি এখানে শিশু, তরুণ, পরিবার ও প্রবীণদের জন্য থাকবে বিশেষ সুযোগ-সুবিধা। গত ২০ নভেম্বর দেশটির ভারপ্রাপ্ত মুসলিমবিষয়ক মন্ত্রী জাকি মুহাম্মদ মসজিদটির প্রস্তাবিত নকশা উন্মোচন করেন। নির্মাণকাজ শুরু হওয়ার কথা ২০২৭ সালের মাঝামাঝি এবং ২০২৯ সালে এটি সম্পন্ন হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
তাম্পিনিস নর্থ ড্রাইভ ৫ এলাকায় মসজিদটি নির্মিত হবে। স্থানীয় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেখানে নামাজের জায়গার চাহিদাও বাড়ছে। নতুন মসজিদটি নির্মিত হলে আশপাশের মসজিদগুলোর ওপর চাপ কমবে। বিশেষ করে মাসজিদ দারুল গুফরান ও মাসজিদ আল-ইস্তিগফারে মুসল্লিদের ভিড় সামলাতে এটি সহায়ক হবে। মসজিদটি হবে সিঙ্গাপুরের মেনদাকি তহবিলের অর্থায়নে প্রতিষ্ঠিত ২৭তম মসজিদ।
মসজিদটির নকশা তৈরিতে স্থানীয় মুসলিমদের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সিঙ্গাপুরের ইসলাম ধর্মীয় পরিষদ ২০২৫ সালের আগস্টে একটি কমিটি গঠন করে। পরে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।
এতে তাম্পিনিস এলাকার বাসিন্দা, মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ প্রায় ৭০০ মানুষ অংশ নেন। তাদের মতামতে শিশু ও পরিবারবান্ধব পরিবেশ, তরুণদের জন্য শিক্ষার সুযোগ এবং প্রবীণদের প্রয়োজনীয় সুবিধার বিষয়গুলো গুরুত্ব পায়।
নতুন মসজিদে মায়েদের জন্য শিশুকে দুধ পান করানোর কক্ষ এবং শিশুদের দেখাশোনার আলাদা ব্যবস্থা থাকবে। ফলে অভিভাবকরা সন্তানদের সঙ্গে নিয়ে স্বাচ্ছন্দ্যে নামাজ ও ধর্মীয় শিক্ষার কার্যক্রমে অংশ নিতে পারবেন। তরুণদের জন্য থাকবে পড়াশোনা ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার নির্দিষ্ট জায়গা। প্রবীণ ও শারীরিক চলাচলে অসুবিধা রয়েছে এমন মুসল্লিদের সুবিধার্থে স্থাপন করা হবে লিফট। পাশাপাশি পুরো মসজিদে প্রতিবন্ধীবান্ধব প্রবেশপথ ও চলাচলের ব্যবস্থা রাখা হবে।
ধর্মীয় শিক্ষা ও সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য মসজিদটিতে থাকবে বহুমুখী ব্যবহার উপযোগী কক্ষ, সভাকক্ষ, মিলনায়তন এবং ছাদে খোলা জায়গা। সেখানে ইসলামি শিক্ষার ক্লাস, তরুণদের বিভিন্ন কর্মসূচি, সামাজিক আলোচনা ও নানা ধরনের কমিউনিটি কার্যক্রম আয়োজন করা যাবে। অর্থাৎ মসজিদটি ইবাদতের পাশাপাশি জ্ঞানচর্চা ও সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হবে।
মসজিদটির স্থাপত্যেও স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ রাখা হয়েছে। এর মিনারের নকশায় অনুপ্রেরণা হিসেবে নেওয়া হয়েছে বাঁশের তৈরি ঐতিহ্যবাহী বাতি ‘পেলিতা বুলুহ’। ভবনের বাইরের অংশে থাকবে তেম্পিনিস গাছের পাতার আদলে তৈরি নকশা এবং ইসলামি জ্যামিতিক অলংকরণ।
উল্লেখ্য, তেম্পিনিস গাছের নাম থেকেই এলাকার নাম তাম্পিনিস হয়েছে। মসজিদের প্রবেশপথে থাকবে ঐতিহ্যবাহী বারান্দার আদলে প্রশস্ত জায়গা, যেখানে মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা একত্র হতে পারবেন। ভবনজুড়ে সবুজায়ন ও পরিকল্পিত বাগানের ব্যবস্থাও রাখা হবে।
মসজিদটির নির্মাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য পৃথক তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদটির নির্বাহী চেয়ারম্যান ফিরদাউস জামাল খানের নেতৃত্বে গঠিত কমিটি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে প্রায় ৪০ লাখ সিঙ্গাপুরি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। এ অর্থ দিয়ে মসজিদের আসবাবপত্র, প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য উপকরণ কেনা হবে।
সিঙ্গাপুরের এই উদ্যোগে মসজিদের বহুমাত্রিক ভূমিকার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।