বেলুচিস্তানে সেনা অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের স্বাধীনতাকামী শক্তি তথা বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামে নতুন অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনী। এ অভিযানের আওতায় রাজ্যের মাসটাং জেলায় ১৫ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে তারা। একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে গতকাল রবিবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার মাসটাং জেলার বিভিন্ন অঞ্চলে দুই দফা অভিযান পরিচালনা করা হয়। প্রথম দফা অভিযানে ৫ জন এবং দ্বিতীয় দফায় ১০ জন নিহত হয়। এছাড়া অভিযানকালে বেশ কয়েকটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় দফা অভিযান শেষে মাসটাংয়ের কিল্লি পাসান্দ খান, মুসা খান, খোরাসানি এবং কাফতারি এলাকাকে ‘সন্ত্রাসীমুক্ত’ ঘোষণা করেছে নিরাপত্তা বাহিনী। তবে বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পুরো বেলুচিস্তান থেকে ‘বিচ্ছিন্নতাবাদ’ নির্মূল করতে নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।