বাহরাইনে রাডার স্থাপনায় ইরানের হামলা

ইরানের হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, শনিবার গভীর রাতে আকাশপথে ইরানের একাধিক হামলা প্রতিহত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে জানায়, ইরানের আগ্রাসনের অংশ হিসেবে চালানো হামলায় একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হননি। তবে স্থাপনাটির নাম ও অবস্থান প্রকাশ করেনি মন্ত্রণালয়।

আলজাজিরা জানিয়েছে, হামলার আগে দেশটিতে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় কর্র্তৃপক্ষ। পরে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়। অন্যদিকে আইআরজিসি বলেছে, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও সামরিক ড্রোনের অনুপ্রবেশ এবং হেঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের। ইরানের এই অভিজাত বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে তারা। পাশাপাশি ইরানের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনায় কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে একাধিকবার হামলা হয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে তিনটি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। একই সময়ে উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোও ইরানের হামলার মুখে পড়েছে। হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার খবরের মধ্যেই বাহরাইনের এ ঘটনা ঘটল। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা দিচ্ছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ বজায় রেখেছে ওয়াশিংটন। আইআরজিসি দাবি করেছে, ওই অঞ্চলে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের সামরিক পাহারা ও আকাশ প্রতিরক্ষার উদ্যোগ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সুরক্ষায় থাকা সরঞ্জাম ও জাহাজের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা। ইরানি সংবাদমাধ্যমগুলোর খবর, ওয়াশিংটনের নৌ-অবরোধ উপেক্ষা করে আগামী কয়েক দিনের মধ্যে ১৪টির বেশি তেলবাহী ট্যাংকার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি। এসব জাহাজ আটকে দেওয়ার চেষ্টা করা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

‘অপারেশন ফেরেইদুন’ নামে প্রস্তাবিত এই অভিযানে ট্যাংকারগুলো চীনের উদ্দেশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ পরিকল্পনার কথা প্রকাশ করেছে। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, স্যাটেলাইট চিত্র, জাহাজ চলাচলের তথ্য এবং ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এ খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপের কাছে জড়ো হচ্ছে জাহাজগুলো। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে হয়ে থাকে। স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচলের তথ্য বলছে, ট্যাংকারগুলোতে নাবিক রয়েছেন এবং সেগুলোতে ইরানের পতাকা উড়ছে। তবে এই বহর পাঠানোর পরিকল্পনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তেহরান।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দাবি পূরণ হলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানা যায়, ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আরাগচি বলেন, ‘হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া কঠিন কিছু নয়। যুক্তরাষ্ট্রকে শুধু আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইরানের যৌক্তিক শর্তগুলো মেনে নিতে হবে।’