ক্রীড়াবিদ ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল এবং টেলিমেডিসিন সেবায় বিশেষ ছাড় পাবেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও বিশেষ সুবিধা রাখা হয়েছে। রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এতে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। ক্রীড়াবিদদের জন্য টেলিমেডিসিন সুবিধাও যুক্ত করা হয়েছে এই চুক্তিতে। লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, বাসা থেকে নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিংয়ে সহায়তা এবং বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার মতো সেবা নির্ধারিত ছাড়ে পাবেন।