তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পর্যবেক্ষণ ও আপত্তির জবাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি মনে করে, সঠিক ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা উচিত। গতকাল রবিবার সিপিডির পক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের কাছে এক চিঠিতে বলা হয়, মজুরি বোর্ড শ্রমিকের চাহিদা ও দেশের অর্থনৈতিক বাস্তবতা দুটিই বিবেচনা করবে বলে আশা করি। জ্বালানি সংকট, উচ্চ ব্যাংক সুদহার ও দুর্নীতির মতো সুশাসনজনিত সমস্যার অজুহাত দেখিয়ে শ্রমিকদের মজুরি কম রাখা ঠিক নয়।
গত ১৮ নভেম্বর সিপিডির ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ : বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে একটি বিশ্লেষণ উপস্থাপন করা হয়। এ নিয়ে বিজিএমইএ ১৯ নভেম্বর এক চিঠিতে সিপিডির কাছে তাদের পর্যবেক্ষণ পাঠায়। এর প্রেক্ষিতে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বিজিএমইএকে চিঠিতে পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনকারী সদস্য, দারিদ্র্যসীমা, আবাসন ব্যয় ও মজুরি বৃদ্ধির হিসাব নিয়ে বিজিএমইএর প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিপিডি।
বার্ষিক ইনক্রিমেন্ট প্রসঙ্গে সিপিডির মতে, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে তৈরি পোশাকশ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়েছে। এর ফলে কর্মরত শ্রমিকদের মজুরি বেড়েছে এবং কারখানার মোট শ্রমব্যয়ও বৃদ্ধি পেয়েছে। তবে বার্ষিক মজুরি বৃদ্ধি ও নতুন শ্রমিকের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি এক বিষয় নয়। বর্তমান মজুরি কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে নতুন নিয়োগ পাওয়া শ্রমিকের মোট ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বার্ষিক ইনক্রিমেন্টের ফলে কর্মরত শ্রমিকদের মজুরি বাড়লেও নতুন শ্রমিকদের জন্য নির্ধারিত এই ন্যূনতম মজুরি অপরিবর্তিত রয়েছে।
সিপিডি মনে করে, সঠিক ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা উচিত। এ জন্য শ্রমিক ও কারখানা উভয় পক্ষের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে নমুনাভিত্তিক বড় জরিপ প্রয়োজন। মজুরি নির্ধারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতার মানদ- বিবেচনা করতে হবে। সিপিডি মজুরি বৃদ্ধির পক্ষে থাকলেও ভাঙচুর, সহিংসতা ও অস্থিরতা সমর্থন করে না। এসব ঘটনায় শ্রমিক, শিল্প ও দেশ সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।
সিপিডি আশা করে, মজুরি বোর্ড শ্রমিকদের চাহিদা ও দেশের অর্থনৈতিক বাস্তবতা, উভয় দিক বিবেচনা করবে। তবে জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও দুর্নীতির মতো শাসনগত সমস্যার দায় শ্রমিকদের কম মজুরি দিয়ে তাদের ওপর চাপানো ঠিক নয়; এসব সমস্যার সমাধান আলাদাভাবে খুঁজতে হবে। এর আগে বিজিএমইএর পাঠানো চিঠিতে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়ার তাগিদ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে, পরিবারের আকার ও উপার্জনক্ষম সদস্যের সংখ্যা বিবেচনায় নেওয়া। মূল্যস্ফীতি সমন্বয়ের পর ১৬ হাজার ৩৫১ টাকা মজুরির হিসাব এবং এর সঙ্গে আবাসন ব্যয় যুক্ত করার বিষয়টিও তুলে ধরে সংগঠনটি।