নাহিদ ইসলাম বললেন

মৌলিক ইস্যুগুলোতে বিএনপি সম্মত হলেই কেবল জাতীয় ঐক্য

গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন ও শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়সহ মৌলিক ইস্যুগুলোতে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য হতে পারে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। অন্যথায় আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলে ডিসেম্বরে জাতীয় ঐকমত্যের আহ্বান জানিয়ে জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করা হলে সেই প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

গতকাল রবিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সরকারের জাতীয় ঐক্যে প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই আমরা একটি জাতীয় সরকার গঠনের কথা বলে আসছি। বিএনপি তখন এনসিপির আমন্ত্রণ গ্রহণ করেনি। সংস্কারপ্রক্রিয়ায় সহযোগিতা না করে তারাই প্রথম জাতীয় ঐক্য ভঙ্গ করেছিল। নির্বাচনের পর গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়েও বিএনপি দ্বিতীয়বারের মতো জাতীয় ঐক্য ভঙ্গ করেছে।

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় ঐক্যপ্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ধারাবাহিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রায় কার্যকর এবং গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় এনসিপি। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এ অবস্থায় সরকারপ্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী আসলে কী চান, কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে চান, তা তারা শুনতে চান। বর্তমান পরিস্থিতিতে সরকারের কী করণীয়, সে বিষয়েও নিজেদের মতামত জানাবেন।