পরিযায়ী পাখির চেনা আশ্রয় হারাচ্ছে জাহাঙ্গীরনগর

একসময় শীত এলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জলাশয়গুলোতে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির দেখা মিলত। পানিতে ভেসে থাকা পাখির দল, ডানা ঝাপটানোর শব্দ আর তাদের কলকাকলিতে মুখর থাকত ক্যাম্পাসের জলাশয়গুলো। তবে কয়েক বছর ধরে বদলে যাচ্ছে সেই চেনা দৃশ্য। পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও তরুণ গবেষক অরিত্র সাত্তারের সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০১৯-২০ মৌসুমে ক্যাম্পাসের জলাশয়গুলোতে প্রায় ৬ হাজার পরিযায়ী পাখি গণনা করা হয়েছিল। ২০২৫-২৬ মৌসুমে সেই সংখ্যা নেমে আসে প্রায় দেড় হাজারে। পাখির সংখ্যা কমে যাওয়ার পেছনে আশপাশের জলাভূমি হারিয়ে যাওয়া, খাবারের সংকট, জলাশয়ের দূষণ ও অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করছেন গবেষক ও পাখি পর্যবেক্ষকরা। তাদের মতে, শুধু জলাশয় থাকলেই পাখিরা সেখানে ফিরবে না, যদি না প্রয়োজনীয় খাবার ও নিরাপদে থাকার উপযোগী পরিবেশ থাকে।

কমছে পাখির আগমন, বদলে যাচ্ছে চেনা দৃশ্য : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ১০ থেকে ১২ বছর আগেও শীত মৌসুমে ক্যাম্পাসে প্রায় ৫ থেকে ৭ হাজার অতিথি পাখি দেখা যেত। বর্তমানে সেই সংখ্যা কমে ২ থেকে ৩ হাজারে দাঁড়িয়েছে। তার মতে, এর অন্যতম কারণ নগরায়ণ ও অপরিকল্পিত স্থাপনা। যার ফলে পাখির স্বাভাবিক আবাসস্থল ও বিচরণের পরিবেশ ক্রমেই সংকুচিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সংগৃহীত তথ্যেও গত কয়েক বছরে পাখির উপস্থিতি কমার প্রবণতা দেখা যায়। একসময় যেসব জলাশয়ে পাখির বড় ঝাঁক দেখা যেত, সেগুলোর কয়েকটিতে এখন তুলনামূলক কম পাখি অবস্থান করছে।

খাবারের জায়গা হারিয়ে কমছে পাখি : পরিযায়ী পাখির জন্য শুধু নিরাপদ জলাশয় থাকলেই হয় না, আশপাশে খাবার সংগ্রহের উপযোগী জায়গাও প্রয়োজন। জলাশয়ে বিশ্রাম নেওয়ার পাশাপাশি পাখিরা কাছাকাছি নিচু জমি, জলাভূমি ও জলজ উদ্ভিদসমৃদ্ধ এলাকায় খাবার খুঁজে বেড়ায়। এসব জায়গা হারিয়ে গেলে জলাশয়ে আশ্রয় থাকলেও পাখিরা সেখানে দীর্ঘ সময় অবস্থান করতে পারে না। গবেষকদের মতে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় আবাসন ও শিল্পকারখানা গড়ে ওঠায় পাখির খাবার সংগ্রহের জায়গা কমেছে। আগে বর্ষার পানি নেমে যাওয়ার পর এসব নিচু জমিতে ধান, ঘাস ও বিভিন্ন জলজ উদ্ভিদ জন্মাত। এসব উদ্ভিদ ও জলজ প্রাণী পাখির খাবারের গুরুত্বপূর্ণ উৎস ছিল।

তাদের পর্যবেক্ষণ অনুযায়ী কিছু পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয় থেকে সরে ধামরাই ও কালামপুরের দিকের নিচু জলাভূমিতে অবস্থান করছে। সাধারণত পাখিরা দিনের বেলায় জলাশয়ে বিশ্রাম নেয় এবং আশপাশের এলাকায় খাবার সংগ্রহ করে। ফলে খাবারের জায়গা না থাকলে শুধু জলাশয় পরিষ্কার বা সৌন্দর্যবর্ধন করে পাখির আগের উপস্থিতি ফিরিয়ে আনা সম্ভব নয়।

জলাশয় ব্যবস্থাপনার সময় নিয়েও রয়েছে বিশেষজ্ঞদের উদ্বেগ। এ প্রসেঙ্গ অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের লেকগুলো জুন-জুলাই মাসে পরিষ্কার ও সংস্কার করার কথা থাকলেও বাস্তবে তা করা হয় সাধারণত অক্টোবর মাসে। ফলে পাখি আসার আগেই জলাশয়ের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয় না। তিনি বলেন, এ ছাড়া লেকের আশপাশে মানুষের সমাগম ও চলাচল বেশি থাকায় পাখিরা সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারে না। এ কারণে ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার (ডব্লিউআরসি) সংলগ্ন লেকে তুলনামূলক বেশি পাখি দেখা যায়। সেখানে মানুষের সমাগম কম থাকায় পাখিরা অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারে।

জলাশয়ের দূষণ ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনাকেও পাখির আবাসস্থলের জন্য ক্ষতিকর বলে মনে করেন এই অধ্যাপক।

ওয়েভ ব্রেকারে ফিরছে পাখির উপস্থিতি : এদিকে জলাশয়ের পরিবেশের পরিবর্তনের পাশাপাশি কিছু উদ্যোগে ইতিবাচক ফলও দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরসংলগ্ন লেকে প্রায় এক বছর ধরে স্থানীয় পদ্ধতি ব্যবহার করে ‘ওয়েভ ব্রেকার’ নামে একটি উদ্যোগ নিয়ে কাজ করছেন অরিত্র সাত্তার ও সংশ্লিষ্টরা।

অরিত্র বলেন, পানির প্রবাহের পার্থক্য কাজে লাগিয়ে জলাশয়ের দূষণ কিছুটা কমানোর চেষ্টা করা হচ্ছে। এ প্রক্রিয়ার ফলে সেখানে শাপলা ও অন্যান্য জলজ উদ্ভিদ জন্মানোর সুযোগ তৈরি হয়েছে। ছোট মাছের আবাসও গড়ে উঠেছে।

লেকের উত্তর পাশে শাপলার বিস্তৃত অংশ তৈরি হয়েছে। সেখানে ১০০ থেকে ৩৫০টি পরিযায়ী পাখির উপস্থিতি দেখা গেছে বলে জানান তিনি।

মনপুরা লেকেও জলাশয়ের পরিবেশ পরিবর্তনের প্রভাব পড়েছে বলে জানান অরিত্র। লেকটিতে জলজ উদ্ভিদ বেড়ে ওঠার সুযোগ তৈরি এবং মাছ চাষের কার্যক্রম বন্ধের পরামর্শ গ্রহণ করায় এবারে সেখানে আবারও অতিথি পাখির দেখা মিলছে বলেও জানান তিনি।

গত বছরের সঙ্গে চলতি মৌসুমের তুলনা করে অরিত্র বলেন, গত বছর ক্যাম্পাসের জলাশয় ও স্থলভাগ কোথাও পাখির তেমন উপস্থিতি ছিল না। ডিসেম্বরের দিকে কিছু পাখি এলেও কয়েকদিনের বেশি অবস্থান করেনি। তবে এ বছর অক্টোবর থেকেই পাখি আসতে শুরু করেছে। সংখ্যা তুলনামূলক কম হলেও তাদের বিচরণ ভালো। জলাশয়ের পাশাপাশি ঝোপঝাড় এলাকাতেও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি দেখা যাচ্ছে।

অভয়ারণ্য ঘোষণার পরও রক্ষা পাচ্ছে না আবাসস্থল : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখির আগমন প্রথম নথিভুক্ত হয় ১৯৮৬ সালে। এরপর থেকে প্রতি বছর শীত মৌসুমে ক্যাম্পাসের জলাশয়গুলোতে আশ্রয় নিতে শুরু করে নানা প্রজাতির পরিযায়ী পাখি।

সাধারণত সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপালসহ হিমালয়ের উত্তরের বিভিন্ন অঞ্চল থেকে এসব পাখি আসে। এসব অঞ্চলে শীতের তীব্রতা ও তুষারপাত বেড়ে যাওয়ায় খাবার ও অনুকূল পরিবেশের খোঁজে পাখিগুলো অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে চলে আসে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয় ও সবুজ পরিবেশ তাদের জন্য উপযুক্ত আশ্রয় হয়ে ওঠে। ২০১৪ সালে সরকার বিশ্ববিদ্যালয়কে অতিথি পাখির অভয়ারণ্য ঘোষণা করে। দীর্ঘদিন ধরে পাখির আগমন বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। তবে অভয়ারণ্যের স্বীকৃতি থাকলেও পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়ে গেছে।

গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন জলাশয় এলাকার পরিবেশ ও পাখির নিরাপত্তা রক্ষায় একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, জলাশয়ের পাশে গাড়ি পার্কিং, মাছ ধরা, উচ্চ শব্দ সৃষ্টি, আতশবাজি এবং পাখির স্বাভাবিক চলাচলে বিঘœ ঘটানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্লাস্টিক ও পলিথিন ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়।

অধ্যাপক মনোয়ার হোসেনের মতে, শুধু বিজ্ঞপ্তি ও বিলবোর্ড দেওয়াই যথেষ্ট নয়, পাখির নিরাপদ আবাসস্থলও নিশ্চিত করতে হবে। এজন্য তিনি জলাশয়গুলো ইজারা দেওয়া বন্ধ করা, নির্ধারিত সময়ে লেক পরিষ্কার ও সংস্কার এবং পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারি বাড়ানো প্রয়োজনীয়তার প্রতি জোর দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামসুল আলম বলেন, মহাপরিকল্পনা ছাড়া কর্তৃপক্ষ নতুন কোনো ভবন নির্মাণের দিকে যাবে না। মহাপরিকল্পনায় প্রাকৃতিক পরিবেশ, লেক এবং পাখির বসার জায়গার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। যাতে করে পাখি আসা এবং তাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত হয়।

সংশ্লিষ্টরা বলছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির আগমন ধরে রাখতে হলে শুধু শীত মৌসুমে জলাশয় পরিচ্ছন্ন রাখা বা দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণই যথেষ্ট নয়। এজন্য সারা বছর জলাশয়ের স্বাভাবিক পরিবেশ, জলজ উদ্ভিদ, মাছ ও অন্যান্য জলজ প্রাণীর বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের বাইরের জলাভূমি ও পাখির খাবারের উৎস রক্ষায়ও নজর দিতে হবে। তা না হলে অতিথি পাখির কলকাকলিতে মুখর থাকা জলাশয়গুলো পাখিদের কাছে আকর্ষণীয় নাও থাকতে পারে।