গাজীপুরের শ্রীপুরে দুই দিন বিরতি দিয়ে আবারও অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। গতকাল রবিবার একদল বহিরাগত শ্রমিক পরিবেশ অশান্ত করতে বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে কারখানা এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
অন্যদিকে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অনেকটাই স্বস্তি ফিরেছে। শ্রমিকদের নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে দেখা গেছে। কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, শ্রীপুরে গতকাল রবিবার সকালে নিয়মমতো কাজে যোগ দেয় নিরীহ শ্রমিকরা। ঘণ্টাখানেক পর থেকেই সংঘবদ্ধ একদল শ্রমিক বিভিন্ন কারখানার সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে। এরপর কারখানার সামনে ভাঙচুর শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে কারখানা ছুটি দিয়ে দেয়।
বেলা ১১টার দিকে পৌরশহরের শ্রীপুর-মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কের দুই পাশের অন্তত ১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত থানা পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়।
এ দিকে অশান্ত পরিস্থিতি বিবেচনা করে আমান টেক্সটাইল, লাক্সমা ইনার, হ্যামস গার্মেন্টস, হ্যামস ফ্যাশন, ঢাকা ওয়াশিং লি., ভিক্টোরিয়া গার্মেন্টস, চিটাগাং ডেনিম, ক্রিস্টাল অ্যাপারেল্স, হাউআর ইউসহ আরও বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় একদল শ্রমিক লাঠিসোঁটা নিয়ে নেমে আসে। প্রায় ঘণ্টাব্যাপী তারা মহাসড়কে অবস্থান করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে সরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগী চালা ও ছাপিলাপাড়া এলাকায় সকালে শ্রমিকরা শান্ত পরিবেশে কাজে যোগ দেয়। এরপর বেলা সাড়ে ১০টার দিকে আমান টেক্স পোশাক কারখানার সামনে বহিরাগত একদল শ্রমিক লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়। তারা কারখানার প্রধান ফটকে হামলা চালায় ও ইটপাটকেল ছুড়ে গ্লাস, দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় ভেতরে থাকা শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে পূর্বদিকে চলে যায়। সেদিকে গিয়ে তারা হ্যামস গার্মেন্টসে হামলা চালায়।
হ্যামস গার্মেন্টসের পাশের ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, ‘সকালে পুরো পরিবেশ শান্ত ছিল। গত দুই দিন কোনো আন্দোলন বা শ্রমিক অসন্তোষ চলেনি। আমরা আশা করেছিলাম সব স্বাভাবিক হয়েছে। সকালে নিরীহ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেয়। কিন্তু ঘণ্টাখানেক পর একদল উচ্ছৃঙ্খল শ্রমিক দল বেঁধে গার্মেন্টসে হামলা চালায়। পরে পরিস্থিতি বেগতিক দেখে কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।’
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘সকালে কিছু শ্রমিক মহাসড়কে নেমে পড়ে। পরে ধাওয়া করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ভিক্টোরিয়া পোশাক কারখানার এক কর্মকর্তা বলেন, ‘সকালে বেশ শান্ত পরিবেশে কাজে যোগ দেয় শ্রমিকরা। দুই ঘণ্টা যেতেই বাইরে হট্টগোলের শব্দ আসে। পরে জানতে পারি, বাইরে লাঠিসোঁটা নিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে একদল বহিরাগত শ্রমিক। পরে পরিস্থিতি বিবেচনা করে কারখানা ছুটি ঘোষণা করা হয়।’
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘সকাল থেকে কারখানায় কাজ চলছিল। পরে কিছু বহিরাহত শ্রমিক পরিবেশ অশান্ত করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ তাদের হটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এখন পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। আপাতত সব কিছু স্বাভাবিক আছে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঞা বলেন, ‘খবর পেয়েছি বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। কিছু শ্রমিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে। গতকাল রবিবার সকালে শ্রমিকদের নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে দেখা গেছে। শিল্প কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিকেলে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ ১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ায় শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি গতকালের (রবিবার) জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয় ২৫টি কারখানা। এর মধ্যে রয়েছে হা-মীম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপের একটি কারখানাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। আরও তিনটি কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগদান না করে কারখানার ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে।
তিনি বলেন, ‘শিল্পাঞ্চলের পরিবেশ এখনো স্বাভাবিক রয়েছে। যেসব কারখানা আজ (রবিবার) ছুটি দিয়েছে কর্তৃপক্ষ, সেসব কারখানার শ্রমিকরা যে যার মতো বাসায় চলে গেছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।’
সরেজমিন গিয়ে আশুলিয়া শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, শিল্পাঞ্চলের পরিবেশ শান্ত রয়েছে। শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজ না করে বসে থেকে এবং পরে কারখানা থেকে বের হয়ে যাওয়ায় এদিনের মতো সাধারণ ছুটি ঘোষণা করা হয় হা-মীম গ্রুপ, ডেকো ডিজাইন, স্টারলিং, নেক্সট কলেকশনসহ ১৮টি কারখানা। এ সময় শ্রমিকরা তাদের যার যার বাসায় চলে গেছে। সকাল থেকে বেলা ১টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবব পাওয়া যায়নি।
এ ছাড়া সাভারের উলাইল, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুর ও পদ্মার মোড় এলাকার পোশাক কারখানাগুলোর পরিবেশ স্বাভাবিক রয়েছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে কাজ করছে।
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিবেশ শান্ত রাখতে আশুলিয়ার বিভিন্ন গার্মেন্টসের সামনে এবং বিভিন্ন পয়েন্ট শিল্প পুলিশ, থানা পুলিশের উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া বিজিবি টিমকে টহল দিতে দেখা গেছে।