হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভিন বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন নিহতের মেয়ে ফাতেমা আক্তার উর্মি ও নিহতের খালাতো বোন ফরিদা বেগম। গতকাল রবিবার সন্ধ্যায় হাজারীবাগ বটতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় পারভিন বেগম ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত ফরিদা বেগমকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ও উর্মিকে  ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। 

হাজারীবাগ থানার ওসি মোশারফ হোসেন জানান, হাজারীবাগের বটতলার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে আহত ফাতেমা আক্তার উর্মি জানান, বটতলায় একটি ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন তারা। ঘটনার সময় তিনি  ঘুমিয়েছিলেন। হঠাৎ বিস্ফোরণে তার ঘুম ভেঙে যায়, রুম থেকে দৌড়ে বেরিয়ে দেখেন বাসার দেয়াল, জানালার গ্লাস ভেঙে পড়ছে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।