যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের নতুন করে রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশের জনগণ সত্য, ন্যায়ের পক্ষে রয়েছে। বর্তমান সরকার ও বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। অপরাধীদের দমনে দমন-পীড়নের পথ অনুসরণ না করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করাই তাদের অবস্থান। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে সহিংসতা ও নাশকতায় উসকানি দিচ্ছে। দলটির বিদেশে অবস্থানরত নেতারা ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকা- পরিচালনায় অর্থের জোগান দিচ্ছেন।’
গতকাল রবিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে কঠোরভাবে সহিংসতাকারীদের দমন করতে পারতেন। কিন্তু তিনি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করেন বলেই প্রতিশোধপরায়ণতার পথ অনুসরণ করছেন না।’ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ বাপ্পা সিকদার প্রমুখ।