এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল আজ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ সোমবার প্রকাশ করা হবে। বেলা ৩টায় শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পাবেন বলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এ ছাড়া পরীক্ষার্থীরা আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান দেশ রূপান্তরকে জানান, দেশের ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদন অনুযায়ী ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণ করা হয়েছে। তিনি বলেন, ‘ফলাফল প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে’।

এবার এইচএসসিতে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ফেল করেছেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত ৩১ অক্টোবর ফল প্রকাশের পরদিন (১ নভেম্বর) থেকে শুরু হয় পুনঃনিরীক্ষণের আবেদন।