দুদক চেয়ারম্যান বললেন

বর্তমান কমিশন কাজে বিশ্বাসী

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান বিচারপতি একেএম আসাদুজ্জামান বলেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন। দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল রবিবার দুদকের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

বৈঠকে দুদক কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থপাচার হয়েছে। যার মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন পাচার হয়েছে ইনভয়েস, ওভার ভয়েসের মাধ্যমে। বড় বড় দুর্নীতিগুলো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যারা বড় বড় দুর্নীতি করেছে তাদের সংখ্যা বেশি নয়। বর্তমান কমিশন এ সব বড় বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা এবং তদন্তের বিষয়ে কমিশন বেশি গুরুত্ব দিয়েছে। তিনি দুদককে আশা জাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে দুর্বল করে দিয়েছে। এ দেশের প্রায় ৯৫ প্রায় শতাংশ মানিলন্ডারিং হয় ক্লিয়ারিং হাউজের মাধ্যমে। আর এটি হয়ে থাকে কর্পোরেট হাউজ এবং ব্যাংকের মাধ্যমে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবেন। আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।

দুদক সচিব মো. সাইদুর রহমান খান বলেন, বর্তমান কমিশন মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে, ১ হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি করেছে এবং নতুন গ্রেডেশন তালিকা তৈরি করেছে। কর্মকর্তাদের জন্য দেশে বিদেশে কোয়ালিটি সম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এতে করে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত এবং দুর্নীতি প্রতিরোধের কাজের মান বাড়বে।

সভায় দুদকের সব মহাপরিচালক, পরিচালক এবং উপপরিচালকরা অংশগ্রহণ করেন।