শিক্ষামন্ত্রী বললেন

নিজের সমস্যা চিহ্নিত করতে পারছে না ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাজেট বরাদ্দ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমালোচনা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের প্রয়োজন অনুযায়ী বাজেট বরাদ্দের প্রস্তাব দিতে পারে। কিন্তু নিজেদের সমস্যাগুলো নিজেরা চিহ্নিত ও সমাধান করতে পারছে না।

গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন : সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আপনাদের প্রয়োজন যা, তা আপনারা অ্যালোকেট (চিহ্নিত) করেন। আপনারা বাজেট অ্যালোকেট করেন, ঠিকমতো কাজ করেন।

গবেষণা খাতে বরাদ্দের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর আগে গবেষণার জন্য ২১ কোটি টাকা দেওয়া হয়ে থাকলে এবার ২২ কোটি টাকা কেন দেওয়া হলো, সে প্রশ্ন তোলার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজেদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রয়োজনীয় বাজেট নির্ধারণ করতে পারছেন না বলেও তিনি উল্লেখ করেন ।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে বাজেট না দেওয়ার অভিযোগের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, কথা বলার আগে সংশ্লিষ্টদের সতর্ক হওয়া উচিত। সরকার রাজনীতি করতে নয়, কাজ করতে এসেছে। কাজ করার সুযোগ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে জটিলতা এবং দীর্ঘদিনের সেশনজট নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের সভাপতি ও আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।