আন্দ্রে ম্যালরোর ৫০তম প্রয়াণবার্ষিকীতে স্মরণানুষ্ঠান

বাংলাদেশের মানুষের কাছে আন্দ্রে ম্যালরো ইতিহাসের অন্যতম অন্ধকার ও সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক সংহতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ১৯৭১ সালে ৭০ বছর বয়সেও তিনি বাংলাদেশের পক্ষে ‘আন্তর্জাতিক ব্রিগেড’ গঠনের আহ্বান জানিয়েছিলেন। এমনকি সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। আন্দ্রে ম্যালরোর ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান ও বিশেষ প্রদর্শনী যৌথভাবে এ আয়োজন করে বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ও মুক্তিযুদ্ধ জাদুঘর।

গতকাল রবিবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘরের লবিতে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম. আমজাদ হোসেন এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রপা মজুমদার।

ফ্রেডরিক ইনজা বলেন, আন্দ্রে ম্যালরো বাংলাদেশের সংকটকে কোনো দূরবর্তী রাজনৈতিক বিষয় হিসেবে নয়, বরং মানবিক মর্যাদা ও স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখেছিলেন। তার জীবন থেকে আমাদের বড় শিক্ষা মানুষের দায়িত্ববোধ নিজ দেশের সীমানায় শেষ হয়ে যায় না। স্বাধীনতা ও মানবতা বিপন্ন হলে নীরব থাকা কোনো সমাধান নয়।

মফিদুল হক বলেন, আন্দ্রে ম্যালরো বিংশ শতাব্দীর এক বিস্ময়কর ব্যক্তিত্ব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মহান বন্ধু হয়ে উঠেছিলেন।