প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির দুই ঘণ্টার বৈঠক, আলোচনায় যা ছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়ে বেলা ৩টার কিছু পরে শেষ হয়। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়।
 

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী অবস্থানের প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই ঐক্যের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়টিও যুক্ত করার প্রস্তাব দিয়েছে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। ফ্যাসিবাদী শক্তি বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করা জরুরি। একই সঙ্গে আধিপত্যবাদী প্রভাব মোকাবিলায় একটি জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রয়োজন রয়েছে। এটি কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক লড়াই নয়। বরং দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন।

বৈঠকে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রশ্নে সরকারের কোনো ধরনের আপস করা উচিত হবে না বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়েও এনসিপির অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় কমিটি সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। এসব দাবি সরকার বিবেচনা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

ভারতের ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে। সীমান্ত এলাকায় বিজেপির বিভিন্ন সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের অংশ নেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিকে আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির রাজনৈতিক লড়াই হিসেবে দেখার সুযোগ নেই। এটি বাংলাদেশের ভূখণ্ড ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোরও অভিযোগ তোলেন।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগও নাকচ করেন এনসিপির আহ্বায়ক। তার দাবি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন না। বরং আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি ভারতকে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ বলেও মন্তব্য করেন।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম এবং গঙ্গা চুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এদিকে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন সাংবাদিকদের বলেন, সরকার ‘নোট অব ডিসেন্ট’সহ স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে।

তিনি বলেন, এ মতবিনিময়ের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। নির্বাচিত সরকার যে রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাস করে, এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক তারই প্রমাণ।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য প্রসঙ্গে মাহ্‌দী আমিন বলেন, পতিত স্বৈরাচারের নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। নতুন করে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজন নেই। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই এই ঐক্য গড়ে উঠেছে। বৈঠকে এনসিপি তাদের দাবিগুলো তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলীও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বাসসের খবরে জানানো হয়, বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন এনসিপির নেতারা