সেঞ্চুরিয়নে বিপর্যয়কর ৯১

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে সেঞ্চুরিয়নে মাঠে নামে বাংলাদেশ দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে সেই প্রত্যাশা পূরণ তো হলোই না, বরং ব্যাটিং বিপর্যয়ে আরও একবার অসহায় আত্মসমর্পণ করতে হলো সফরকারীদের। গতকাল বৃষ্টিবিঘিœত দিনে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩৩ ওভার ৩ বলেই গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। সবাই মিলে ১০০ রানের গণ্ডিও ছুঁতে পারেননি, ইনিংস থামে মাত্র ৯১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন মাহফিজুল ইসলাম রবিন। সুপারস্পোর্ট পার্কে টেস্টের প্রথম ইনিংসে এটিই কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ।

দিনের শুরু থেকেই ছিল বৃষ্টির দাপট। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। প্রথম সেশনের খেলা পুরোপুরি পরিত্যক্ত হওয়ার পর লাঞ্চ বিরতি শেষে মাঠে গড়ায় ম্যাচ। শুরু থেকেই বল হাতে মেঘলা আকাশ, আর্দ্র পরিবেশ আর পেসারদের সহায়ক উইকেটের সুবিধা শুরু থেকেই কাজে লাগান স্বাগতিক বোলাররা। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও আনরিখ নরকিয়ার গতির সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে সফরকারীদের উদ্বোধনী জুটি। ইয়ানসেনের বলে সিøপে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। ৯ বলে ৩ রান করে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার। এরপর রবিনকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অভিজ্ঞ মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে দুজনের জুটি থেকে আসে ৩৪ রান। তবে এই প্রতিরোধও শেষ পর্যন্ত বড় কোনো স্বস্তি এনে দিতে পারেনি বাংলাদেশকে।

দলীয় ৪০ রানে নরকিয়ার গতির কাছে পরাস্ত হন রবিন। ৪০ বলে চারটি চারের সাহায্যে ২৩ রান করে বোল্ড হন তিনি। এরপর ক্রিজে এসে প্রথম বলেই চার হাঁকিয়ে আশার ইঙ্গিত দেন অধিনায়ক শান্ত। কিন্তু পরের বলেই নরকিয়ার ডেলিভারিতে অফ স্টাম্প হারান তিনি। দুই বলে ৪ রান করেই সাজঘরে ফেরেন অধিনায়ক। মুমিনুলের সঙ্গে ব্যাটিংয়ে করা হৃদয়ও খুব একটা স্বস্তিতে ছিলেন না। অন্য প্রান্তে টিকে থাকার চেষ্টা করলেও একাধিকবার বিপদে পড়েন মুমিনুল। পরে মুল্ডারের বলে বোল্ড হয়ে থামতে হয়।

এ অবস্থায় হৃদয় ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা করে সফরকারীরা। তবে প্রত্যাশা পূরণ হয়নি। ৮ রান করে ইয়ানসেনের বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি হৃদয়ও। চা বিরতির ঠিক আগের বলে সাইমন হার্মারের বলে সিøপে ক্যাচ দেন তিনি। ৪২ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রান করেন হৃদয়।

বিরতির পর আরও দ্রুত শেষ হয় বাংলাদেশের লড়াই। মাত্র ৬ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় দলটি। শরীফুল ইসলাম ২ রান করে রাবাদার বলে ক্যাচ দেন। এরপর জাকের আলীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই প্রোটিয়া পেসার। ২০ বলে মাত্র ১ রান করে বিদায় নেন জাকের। একই ওভারে তাসকিন আহমেদকেও সিøপে ক্যাচ বানান রাবাদা। ১০ বলে ২ রান করেন তাসকিন। শেষ ব্যাটসম্যান খালেদ আহমেদ ৪ বল খেলে কোনো রান করতে পারেননি। ইয়ানসেনের বলে তিনি বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলে ৯১ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। প্রোটিয়াদের হয়ে রাবাদা ও ইয়ানসেন তিনটি করে উইকেট নেন। নরকিয়ার শিকার দুটি। একটি করে উইকেট পেয়েছেন মুল্ডার ও হার্মার। সব মিলিয়ে প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটিংয়ের অসহায় চিত্রই ফুটে উঠেছে।

এদিকে সেঞ্চুরিয়নে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। উইকেট ও আবহাওয়ার কথা বিবেচনা করে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজকে একাদশের বাইরে রাখা হয়। ২৩ বছরের বেশি সময় পর ৪ বিশেষজ্ঞ পেসার নিয়ে টেস্ট একাদশ সাজাল বাংলাদেশ। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি। যদিও প্রথম সুযোগ এসেছিল দ্বিতীয় ওভারেই। স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙতে শুরুতেই সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শরীফুলের বলেও এলবিডব্লিউ হন এইডেন মারক্রাম। তবে রিভিউ নিয়ে বেঁচে যান দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক। পরের ওভারেই তাসকিনের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশ দল রিভিউ না নেওয়ায় এবার রক্ষা পান মার্কেস অ্যাকারম্যান। অবশেষে দশম ওভারে এবাদতের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ২১ রানে ফেরেন মারক্রাম। তার ঠিক পরের ওভারেই নতুন ব্যাটসম্যান জুবাইর হামজার সহজ ক্যাচ ছাড়েন হৃদয়।

পরে বাংলাদেশের বোলাররা আর কোনো উইকেট নিতে পারেননি। এতে ১ উইকেটে ৮৮ রান প্রথম দিনের খেলা শেষ করেন প্রোটিয়ারা। এখন ৩ রানে পিছিয়ে থাকলেও ৯ উইকেট হাতে আছে তাদের। অ্যাকারম্যান ৪৬ ও হামজা ৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন।