রাস উৎসব: দুবলার চরে মহাপুণ্যস্নানে হাজারো তীর্থযাত্রী

বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসবের সমাপনী দিনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে মহাপুণ্যস্নান। ভোরে সাগরের মোহনায় নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সারিবদ্ধ ভাবে বসে ধুপকাঠি জ্বালিয়ে প্রসাদ সাজিয়ে প্রথমে প্রার্থনা করে পরে জোয়ারের লোনাজলে ডুব দেওয়ার মধ্য দিয়ে পাপমুক্তি ও জগৎকল্যাণের প্রার্থনা করেছেন হাজারো তীর্থযাত্রী।

গত রবিবার (২২ নভেম্বর) বিকাল থেকে দুবলার চরের আলোরকোলে শুরু হওয়া শতবর্ষী এই ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫ সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী সমবেত হয়েছেন।

সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, এবারের রাস পূজা ও পূণ্যস্নান উপলক্ষে বাগেরহাট ও খুলনা জেলায় পুণ্যার্থীদের জন্য মোট ৪২৬ টি বোর্ডের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে বাগেরহাট জেলায় ৪০৯টি বোর্ডের ৮৭০৬ জন পূর্ণার্থী এবং খুলনা জেলায় ১৭টি বোর্ডের জন্য ৪০৫ জনকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে।
পূণ্যার্থীদের সাথে কথা বলে জানা গেছে, সরকারি হিসাবের সাথে বাস্তবে পূনার্থীর সংখ্যার কোন মিল নেই। আসলে খুলনা ও সাতক্ষীরা দেখা জেলা থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থীরা এই উৎসবে অংশগ্রহণ করেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টা থেকে দুবলার চরের রাস মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। এ বছর রাত ১১টার পর রাসপূর্ণিমার মূল পূজা শুরু হয়। সন্ধ্যা থেকেই রাধাকৃষ্ণের আরাধনা, নামকীর্তন, আরতি, মতুয়া সম্প্রদায়ের ঢাক নৃত্য শুরু হয়।

দুবলার চর রাস মন্দিরের পূজারী তরুণ আচার্য বলেন, রাত ১১ টার পরে পূজা শুরু হবে। আমি বিগত ১৬ বছর ধরে দুবলার চর রাস মন্দিরের রাস পূজার পৌরহিত হিসেবে আছি। এ বছর টানা এক সপ্তাহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পূর্ণার্থীর সংখ্যা একটু কম হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পূজা শেষে ভক্তরা ভোরের জোয়ারের অপেক্ষায় সাগরপাড়ে জড়ো হন।  সূর্যোদয়ের সাথে সাথে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান এবং প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয়েছে এবারের আনুষ্ঠানিকতা।

সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় ২০২১ সাল থেকে দুবলার চরে বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ বছরও সুন্দরবন পূর্ব বন বিভাগের কঠোর তত্ত্বাবধানে কেবল সনাতন ধর্মাবলম্বীদেরই নির্ধারিত পাঁচটি জলপথ দিয়ে চরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

পুণ্যার্থীদের নিরাপত্তা ও বন্যপ্রাণী শিকার রোধে বনরক্ষী, কোস্টগার্ড, নৌবাহিনী, র‍্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা জল ও স্থলপথে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। পুণ্যস্নান শেষে আজই বন বিভাগের নির্ধারিত রুট হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করবেন তীর্থযাত্রীরা।