নতুন সাইবার আইনে মতপ্রকাশের স্বাধীনতা হুমকিতে: অ্যামনেস্টি

বাংলাদেশের সাইবার আইনের প্রস্তাবিত সংশোধনীতে অনলাইনে প্রকাশিত কনটেন্ট নিয়ন্ত্রণে সরকারি কর্তৃপক্ষকে অতিরিক্ত ও নির্বিচার ক্ষমতা দেওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার (২৩ নভেম্বর) বিবৃতিতে সংস্থাটি জানায়, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অনলাইনের যেকোনো কনটেন্ট অপসারণ, ব্লক বা অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। অথচ খসড়ায় উল্লেখ করা বেশ কয়েকটি বিষয় আন্তর্জাতিক মানবাধিকার আইনে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার বৈধ কারণ হিসেবে স্বীকৃত নয়।

এর মধ্যে রয়েছে দেশের ‘অখণ্ডতা ও মর্যাদা ক্ষুণ্ন’ করতে পারে এমন কনটেন্ট এবং ‘ধর্মীয় বা সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করতে পারে’ এমন বক্তব্য। অ্যামনেস্টির মতে, কোনো কনটেন্ট নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে কিংবা ধর্মীয় ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে পারে—এমন আশঙ্কার ভিত্তিতে তা অপসারণ বা ব্লক করার সুযোগ রাখা অস্পষ্ট ও অনুমাননির্ভর।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতাই হবে মূলনীতি, আর এ অধিকারের ওপর বিধিনিষেধ থাকবে ব্যতিক্রম হিসেবে। কোনো বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে আইনি ভিত্তি, বৈধ উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও আনুপাতিকতার শর্ত পূরণ করতে হবে। একই সঙ্গে বিধিনিষেধ এমনভাবে প্রয়োগ করা যাবে না, যাতে এ অধিকারের মূল ভিত্তি বা বাস্তব চর্চা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের ধারাগুলো এসব শর্ত পূরণ করতে পারছে না। বরং অস্পষ্ট ভাষায় তৈরি বিভিন্ন বিধানের মাধ্যমে অনলাইনে মতপ্রকাশ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হচ্ছে। বাংলাদেশের এমন একটি সাইবার আইন প্রণয়ন করা উচিত, যা নাগরিকদের সুরক্ষা দেবে, তাদের কণ্ঠরোধ করবে না।’

প্রস্তাবিত সংশোধনীতে মানহানি, অপমান ও বুলিংয়ের মতো বিষয়বস্তু অপসারণ, ব্লক বা অন্যত্র সরিয়ে নেওয়ার বিধানও রাখা হয়েছে। তবে এসব বিষয়ের সংজ্ঞা যথেষ্ট স্পষ্ট নয় বলে মনে করে অ্যামনেস্টি। সংস্থাটির আশঙ্কা, এ অস্পষ্টতার সুযোগ নিয়ে বৈধ অনলাইন মতপ্রকাশের বিরুদ্ধেও আইনটির অপব্যবহার হতে পারে।

খসড়ায় ‘অপমান’-এর সংজ্ঞায় বলা হয়েছে, কাউকে হেয় করা, উপহাস করা বা অবজ্ঞা করার উদ্দেশ্যে তাঁর ব্যক্তিগত মর্যাদা ও আত্মসম্মানে আঘাত করা এর অন্তর্ভুক্ত। কিন্তু ব্যক্তিগত মর্যাদা ও আত্মসম্মানের বিষয়গুলো অনেকটাই ব্যক্তিনির্ভর। ফলে এ ধরনের অস্পষ্ট সংজ্ঞা আন্তর্জাতিক মানবাধিকার আইনের আইনগত স্পষ্টতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছে সংস্থাটি।

অ্যামনেস্টির মতে, অন্যের অধিকার বা সুনাম, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য কিংবা নৈতিকতা রক্ষার মতো বৈধ উদ্দেশ্য ছাড়া মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। এমন বিধিনিষেধও অবশ্যই সুনির্দিষ্ট, প্রয়োজনীয় ও আনুপাতিক হতে হবে।

এর আগে গত সেপ্টেম্বরে সাইবার আইনের সংশোধনীসংক্রান্ত প্রস্তাবের প্রথম খসড়া প্রকাশ করা হয়েছিল। তখনই এ নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়ে বাংলাদেশের আইনমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল অ্যামনেস্টি। সংস্থাটির দাবি, সর্বশেষ খসড়ায়ও মানবাধিকারসংক্রান্ত মৌলিক উদ্বেগগুলোর সমাধান হয়নি।

সংশোধনীর ২৫ ও ২৬ ধারায় গুজব, মানহানি, বুলিং ও অপতথ্য ছড়ানোর মতো বিষয়গুলোকে অপরাধ হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। অ্যামনেস্টির মতে, কারও সুনাম বা জনশৃঙ্খলা রক্ষার যুক্তিতে মতপ্রকাশের এসব বিষয়কে ফৌজদারি অপরাধের আওতায় আনা সমর্থনযোগ্য নয়।

এ ছাড়া প্রতারণা, ক্ষতি, আতঙ্ক ও সামাজিক অস্থিরতার মতো বিস্তৃত ও বিতর্কিত ধারণার ভিত্তিতেও বক্তব্যকে অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ রাখা হয়েছে। অথচ এসব ক্ষেত্রে কী ধরনের গুরুতর ক্ষতি হলে অপরাধ হিসেবে বিবেচিত হবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়নি।

খসড়ায় অপরাধের ধরন অনুযায়ী দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের আইনের অধীনে ‘সরল বিশ্বাসে’ করা কাজের জন্য দায়মুক্তি দেওয়ার বিধানও রয়েছে। অ্যামনেস্টির আশঙ্কা, এ বিধান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি ও বিচারের আওতার বাইরে রাখার সুযোগ তৈরি করতে পারে। কারণ, ‘সরল বিশ্বাসে’ কাজ করার বিষয়টি অস্পষ্ট ও ব্যক্তিনির্ভর হওয়ায় এর মাধ্যমে মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ও এড়ানো সম্ভব হতে পারে।

স্মৃতি সিং বলেন, ‘এই খসড়া আইনের নানা বিধানের অপব্যবহারের সুযোগ রয়েছে। অস্পষ্ট ভাষার এসব বিধান ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং এমনকি সরকারের সমালোচকদের নির্বিচারে গ্রেপ্তারের হাতিয়ার হয়ে উঠতে পারে। মানবাধিকারের ওপর বিধিনিষেধ আরোপের বৈধতা দিতেও কারও সুনাম রক্ষার বিষয়টি ব্যবহার করা হতে পারে।’

তিনি বলেন, প্রস্তাবিত সংশোধনী অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আইন প্রণয়নের প্রক্রিয়ায় এটি এগিয়ে নেওয়া বা কার্যকর করা থেকে সরকারকে বিরত থাকতে হবে। পাশাপাশি নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তিসহ (আইসিসিপিআর) আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় বাংলাদেশের অঙ্গীকার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।