পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের রাস উৎসব

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সাগরের প্রথম জোয়ারের পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের সময় পুণ্যস্নানে অংশ নেন হাজারো পুণ্যার্থী। এবারের উৎসবে প্রায় ১০ হাজার মানুষ সমবেত হয়েছিলেন।

ভোরের আলো ফুটতেই আলোরকোলের সমুদ্রতীরে জড়ো হন পুণ্যার্থীরা। সাগরের প্রথম জোয়ারের পানিতে স্নান শেষে তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন। অনেকে মনোবাসনা পূরণ ও পাপমুক্তির আশায় পুণ্যস্নান করেন। এর আগে মন্দিরে পূজা-অর্চনা ও মানত পরিশোধ করেন ভক্তরা।

রবিবার (২২ নভেম্বর) দুবলার চরের আলোরকোলে অস্থায়ী মন্দিরে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। সোমবার রাতে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে চলে উৎসবের আয়োজন।

প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য ধরে প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দরবনের এই চরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা সমবেত হন।

উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। পুণ্যার্থীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন বন বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একই সঙ্গে বনের প্রাণী ও পরিবেশ সুরক্ষায়ও নেওয়া হয় বিশেষ নজরদারি।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান তানজির দেশ রূপান্তরকে বলেন, এ বছর পশ্চিম বন বিভাগ থেকে ৩৭৬ জন হিন্দু তীর্থযাত্রী রাস পূজায় অংশ নিয়েছেন। মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের নোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

তিনি আরও বলেন, এবারের উৎসব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা হরিণ শিকারের ঘটনা ঘটেনি। বন বিভাগের জোরদার টহলের কারণে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উৎসবে অংশ নেওয়া পুণ্যার্থীরা যাতে নিরাপদে ফিরে যেতে পারেন, সে জন্য বন বিভাগের সদস্যরা কাজ করছেন।