ভোলার সাংবাদিকতার ইতিহাসে স্মরণীয় নাম এম. হাবিবুর রহমান

ভোলার সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের নাম এম. হাবিবুর রহমান। সাহসী সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপকূলীয় জনপদের মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরার মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন দ্বীপজেলা ভোলার সাংবাদিকতার পথিকৃৎ। দীর্ঘ প্রায় ছয় দশকের সাংবাদিকতা জীবনে রেখে গেছেন অসামান্য অবদান। তার প্রতিষ্ঠিত দৈনিক বাংলার কণ্ঠ আজও উপকূলের মানুষের কথা তুলে ধরছে। এই প্রথিতযশা সাংবাদিকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ নভেম্বর।

২০২৫ সালের ২৪ নভেম্বর সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন এম. হাবিবুর রহমান। ১৯৪৪ সালের ৩১ জানুয়ারি ভোলা শহরের ঐতিহ্যবাহী সিকদার বাড়িতে তার জন্ম। তার বাবা প্রয়াত মো. সেকান্দার আলী সিকদার এবং মা প্রয়াত সায়েদা খাতুন।

শিক্ষাজীবনে তিনি ১৯৫৯ সালে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৬২ সালে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে স্নাতক এবং ১৯৭২ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ষাটের দশকের শেষ দিকে তৎকালীন পূর্বদেশ পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি। ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর পূর্বদেশে প্রকাশিত তার ‘কাঁদো বাঙালি কাঁদো, ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশ’ শিরোনামের সচিত্র প্রতিবেদন তাকে দেশব্যাপী পরিচিতি এনে দেয়। ভয়াবহ সেই দুর্যোগে মানুষের মৃত্যু ও ধ্বংসযজ্ঞের চিত্র সাহসিকতার সঙ্গে তুলে ধরে তিনি সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

মহান মুক্তিযুদ্ধের সময়ও তার সাংবাদিকতা থেমে থাকেনি। ভোলার ওয়াবদা কলোনি-সংলগ্ন বধ্যভূমিসহ যুদ্ধকালীন বিভিন্ন ঘটনা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে দেশপ্রেমিক ও সাহসী সাংবাদিক হিসেবে পরিচিতি অর্জন করেন তিনি।

১৯৭৩ সালে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তৎকালীন ভোলা মহকুমা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এম. হাবিবুর রহমান। ১৯৮৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ চার দশক বাংলাদেশ বেতারের ভোলা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে ‘সামিয়া লঞ্চ’ডুবির সংবাদ পরিবেশনের জন্য রাষ্ট্রপতি পদক লাভ করেন তিনি।

১৯৯৪ সালে প্রকাশক ও সম্পাদক হিসেবে ভোলা থেকে প্রকাশ করেন ‘দৈনিক বাংলার কণ্ঠ’। সরকারি নিবন্ধনভুক্ত ও ডিএফপিভুক্ত পত্রিকাটি টানা ৩১ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পত্রিকাটির প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, নাগরিক প্রতিনিধি, ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবেও বহুমাত্রিক অবদান রয়েছে তার। স্বাধীনতা-পরবর্তী সময়ে দ্বীপজেলা ভোলার সমস্যা, সম্ভাবনা, মানুষের জীবনসংগ্রাম ও উন্নয়নের চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার লেখনী ও কর্মের মধ্য দিয়ে জাতীয় পরিসরে পরিচিতি পেয়েছে উপকূলীয় এই জনপদ।

এম. হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত দৈনিক বাংলার কণ্ঠ বর্তমানে তার সুযোগ্য উত্তরসূরি সাংবাদিক হাসিব রহমান সম্পাদনা করছেন। বাবার প্রতিষ্ঠিত পত্রিকার দায়িত্ব নিয়ে তিনি সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন।

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া, মোনাজাত ও পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়েছে। ভোলার সাংবাদিকতা জগতে তার অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।