আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। খবর রয়টার্স। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, রাস আল খাইমাহর আল ওয়াতান সড়কে বাস ও ট্রাকটির মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

দুর্ঘটনাস্থল নিরাপদ করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন জরুরি বিভাগের সদস্যরা।

তবে নিহতদের পরিচয় কিংবা এ ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের একটি।