চট্টগ্রামে আ.লীগের সাধারণ সম্পাদক-কাউন্সিলরসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. জহির উদ্দিন ওরফে জহির কমিশনার। এ ছাড়া চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎সোমবার (২৩ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন ও হালিশহর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আতাউর রহমান ও জহির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। একই দিন মিরসরাই থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
‎
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার রাত ৯টার পর গোপন সংবাদের ভিত্তিতে নগরের অক্সিজেন এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এসআরবি-৭ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
‎
‎এসআরবি মিডিয়া শাখার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মামলার কারণে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
‎
‎অন্যদিকে, একই রাতে নগরের হালিশহর এলাকার নিজ বাসা থেকে মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মিরসরাই থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জহির উদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই আবদুর রহিম।
‎
‎মিরসরাই থানা পুলিশের ২৩ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পৃথক অভিযানে গ্রেপ্তার অন্য দুজন হলেন ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম (৪৩) এবং ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য, শেখ রাসেল স্মৃতি সংসদের আইনবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শাহীন (২৬)। তাদের নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎এ ছাড়া পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি জাহানারা বেগম ও তারেক হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।