নড়াইলে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

নড়াইলে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ৫০বছর বয়সী আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ছামিদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা (৫০) নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার আমির মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবারণে জানা যায়, ২০২৬ সালের ২৫ মার্চ সকালে শিশুটিকে ঘরে রেখে তার বাবা-মা কাজের উদ্দেশ্যে বাইরে চলে যায়। দুপুর ১২টার দিকে প্রতিবেশী আসাদ মোল্যা শিশুটিকে একা ঘরে পেয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসাদ পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে কয়েকদিন পর শিশুটি বাড়িতে ফিরে যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ওই দিনই উত্তেজিত জনতা মহাজন বাজার এলাকা থেকে আসাদ মোল্যাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই দিনই (২৫ মার্চ) নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে বিচাররিক কার্যক্রম শুরু করেন। এ মামলায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. ছামিদুল ইসলাম ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ধারা ৯(১) মোতাবেক আসামিক আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। একই সাথে ৩লাখ টাকা জরিমানা করেন।

মামলাটি সরকারী পক্ষে পরিচালনা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আজিবুর রহমান। 

অ্যাডভোকেট আজিবুর রহমান বলেন, অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক  আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুটির পরিবারকে দেয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।

রায়ের সময় শিশুটির পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন।