খুলনা নগরীর দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হালিম দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া কবরস্থানসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশায় একজন ঠিকাদার।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নামের একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ এ ঘটনা তদন্ত শুরু করেছে। শিগগিরই এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করা হবে।
আড়ংঘাটায় চায়ের দোকানে ৬ রাউন্ড গুলি
নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে একটি চায়ের দোকানে ছয় রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের স্লুইসগেটের পূর্ব পাশে পান্নুর চায়ের দোকানের পাশে ক্যারম বোর্ড খেলার আসরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যারম বোর্ড খেলায় অংশ নেওয়া ব্যক্তিদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে যুবকেরা পালানোর চেষ্টা করেন। কিন্তু সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে পরপর আরও তিন রাউন্ড গুলি চালায়। সেগুলোও লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা ফাঁকা স্থানে আরও দুই রাউন্ড গুলি ছোড়ে। সব মিলিয়ে ছয় রাউন্ড গুলিবর্ষণের ঘটনায় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আকস্মিক এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। তবে কারা, কী কারণে এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুর রহমান বলেন, আড়ংঘাটা থানার শলুয়া বাজারে পান্নুর চায়ের দোকানে ছয়টি পিস্তলের গুলির ঘটনা ঘটেছে। এক রাউন্ড তাজা গুলি ও পাঁচটি খোসা উদ্ধার হয়েছে। তবে কেউ হতাহত হননি।
চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি
নগরীতে চাঁদা না পেয়ে একটি রেস্টুরেন্টে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সোনাডাঙ্গা থানার সন্নিকটে পালংকি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতে খুলনার সন্ত্রাসীরা ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে কর্তৃপক্ষ রেস্টুরেন্টটি বন্ধ করে দিলে প্রশাসনের আশ্বাসে তা আবার খোলা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে খুলনার শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের পরিচয় দিয়ে মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মালিকপক্ষ ওই পরিমাণ চাঁদা দিতে অপারগতা জানালে সন্ত্রাসীরা তাঁকে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে বলে। রাতেই মালিকপক্ষ রেস্টুরেন্ট বন্ধ করে বাড়িতে চলে যায়।
মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানার পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্টুরেন্ট খুলে দেয়। বিকেলে সন্ত্রাসীরা রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে।
পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
নগরীতে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ৩টার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, টুটুল একজন পরিবহন ব্যবসায়ী। মামুন নামে এক ব্যক্তি দীর্ঘদিন তাঁর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বাড়িভাড়া নিয়ে মামুনের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে টুটুল বাড়ি থেকে বের হন। এরপর দুপুর আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী বাড়ির পেছন দিক দিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
লবণচরা থানার এসআই সাইফুল বলেন, টুটুল নামের একজনের বাড়িতে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। পুলিশ অপরাধীদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে।
নগরীর সদর থানায় একজনকে লক্ষ্য করে গুলি
নগরীর সদর থানার বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিন থেকে চারজন ব্যক্তি সাঈদ শিকদারের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। সাঈদ শিকদার কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। কী কারণে এবং কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।