বাংলাদেশে প্রথম এআইবিষয়ক ত্রৈমাসিক বুলেটিনের যাত্রা শুরু

বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক ত্রৈমাসিক প্রকাশনা ‘এআই ফর দ্য গ্লোবাল সাউথ: আ কোয়ার্টারলি বুলেটিন’-এর উদ্বোধনী সংখ্যা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বুলেটিনটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ইলাইয়া ফাউন্ডেশন, সেন্টার ফর অল্টারনেটিভস এবং আর্গাস ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্সের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে বুলেটিনটি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের দেশগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ নিয়ে আরও গভীরভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন। প্রকাশনাটির সাফল্য কামনা করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত গ্লোবাল সাউথের জন্য এআই নয়, বরং গ্লোবাল সাউথের হাতেই এআই তৈরি হওয়া।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও পশ্চিম অনুবিভাগের সচিব ড. মো. নজরুল ইসলাম প্রকাশনাটির উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। বাংলাদেশের এআই প্রযুক্তির অগ্রযাত্রায় বুলেটিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুলেটিনটির সম্পাদক ও ইলাইয়া ফাউন্ডেশনের সভাপতি মাসুদ জামিল খান বলেন, প্রকাশনাটি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নাইরোবি, সাও পাওলো ও জাকার্তার মতো শহরগুলোতে এআই শিক্ষার প্রসারেও এটি মাইলফলক হয়ে উঠবে বলে তাঁর প্রত্যাশা।

তিনি এআই প্রযুক্তি গ্রহণ ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্লোবাল সাউথের দেশগুলোকে এআই প্রযুক্তিতে সক্ষমতা অর্জনের আহ্বান জানান। এ ছাড়া ভাষাগত প্রতিবন্ধকতা দূর করে বাংলাকে এআইয়ের জন্য উপযোগী ভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বুলেটিনটির প্রধান সম্পাদক ও সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, এআই খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা থাকলেও কাঠামোগত দুর্বলতা বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

তিনি বলেন, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল শ্রমের ক্ষেত্রে বাংলাদেশ শক্তিশালী অবস্থানে থাকলেও উচ্চগতির ইন্টারনেটের ঘাটতি এবং এআই বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের অভাব বড় বাধা। এসব সীমাবদ্ধতা কাটিয়ে শহরের মানুষ, কৃষকসহ সাধারণ জনগণকে এআই প্রযুক্তির আওতায় আনা প্রয়োজন।

ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইমতিয়াজ বলেন, এর অর্থ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। বরং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সাইবার নেটওয়ার্ককে আরও নিরাপদ ও শক্তিশালী করা।

এআই মডেলে বাংলা ভাষার সীমাবদ্ধতা কাটাতে বাংলা ভাষাভিত্তিক এআই লেখালেখি ও কথোপকথনের জন্য বৃহৎ ভাষা মডেল (এলএলএম) সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বাংলাদেশে শক্তিশালী এআই নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

আর্গাস ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্সের সহপ্রতিষ্ঠাতা ফিরোজ এম জাহিদুর রহমান বলেন, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে কৃষক পর্যন্ত সবার কাছে এআই প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, এআই নিয়ে গ্লোবাল সাউথের দৃষ্টিভঙ্গি পশ্চিমা দেশগুলোর প্রযুক্তিগত অগ্রযাত্রার পথ থেকে ভিন্ন। বাংলাদেশের উচিত নিজস্ব ফ্রিল্যান্সারদের দক্ষতা কাজে লাগিয়ে ভিন্ন দৃষ্টিকোণ থেকে এআইয়ের ব্যবহার ও সম্ভাবনা অনুসন্ধান করা। এ ছাড়া এআইয়ের মাধ্যমে জ্ঞানকে সবার জন্য উন্মুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করেন ইলাইয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট কেট জারো খান।

অনুষ্ঠানে দেশ-বিদেশের এআই বিশ্লেষক, প্রযুক্তি বিশেষজ্ঞ, কূটনীতিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা বক্তব্য দেন।