দ্বীন, দেশ ও মানবতার সেবায় দরদি আলেম

সৈয়দ ফজলুল করিম (রহ.)। বাংলাদেশের ইসলামি অঙ্গনের একজন প্রভাবশালী আলেম, আধ্যাত্মিক সাধক ও সমাজসংস্কারক। ইলম চর্চা, আত্মশুদ্ধির দাওয়াত, দ্বীনি শিক্ষার প্রসার এবং ইসলামি আন্দোলনে তার অবদান স্মরণীয় হয়ে আছে। সারা জীবন তিনি দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে কাজ করেছেন।

১৯৩৫ সালে বরিশালের চরমোনাই গ্রামের এক সম্ভ্রান্ত আলেম পরিবারে তার জন্ম। তার পিতা সৈয়দ ইসহাক (রহ.) ছিলেন বিশিষ্ট আলেম ও চিশতিয়া তরিকার পীর। পিতার কাছেই তার শিক্ষার হাতেখড়ি। চরমোনাই প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছর পড়াশোনার পর তিনি পিতার প্রতিষ্ঠিত চরমোনাই কামিল মাদ্রাসায় ভর্তি হন। সেখানকার পড়াশোনা শেষে ১৯৫৬ সালে ঢাকার জামেয়া কোরআনিয়া লালবাগে পড়াশোনা করেন। ১৯৫৭ সালে সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। শিক্ষাজীবনে হাফেজ্জি হুজুর (রহ.)-সহ বহু আলেমের সান্নিধ্য লাভ করেন।

শিক্ষাজীবন শেষে চরমোনাই কামিল মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। দীর্ঘদিন তিনি তাফসির, হাদিস ও ফিকহসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। আরবি ভাষা ও সাহিত্যে তার দক্ষতা ছিল অসাধারণ। শিক্ষকতার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন প্রান্তে সফর করে মানুষকে ইসলামের শিক্ষা দেন। তার দরদমাখা বক্তব্য, আত্মশুদ্ধির আহ্বান ও আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন আনে।

আধ্যাত্মিক সাধনার পাশাপাশি উম্মাহর সামগ্রিক কল্যাণেও তিনি ছিলেন সক্রিয়। ১৯৮২ সালে সর্বস্তরের মুসলমানের মধ্যে জিকিরের চর্চা ছড়িয়ে দিতে বাংলাদেশ মুজাহিদ কমিটি প্রতিষ্ঠা করেন। একই বছর প্রতিষ্ঠা করেন চরমোনাই কওমি মাদ্রাসা। ১৯৮৭ সালে ইসলাইম শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। পরে দ্বীনি শিক্ষার প্রসারে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, ছাত্রসমাজের জন্য ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামি আইনজীবী পরিষদ ও ইসলামি শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠায় উদ্যোগী হন।

তার কাছে দাওয়াত, শিক্ষা, আত্মশুদ্ধি ও সমাজসংস্কার ছিল একই কর্মধারার অংশ। মানুষের ইমান-আমল সংশোধন এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু কাজ করেছেন।

২০০৬ সালের ২৫ নভেম্বর ৭১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালে অসংখ্য ভক্ত, অনুসারী ও শুভাকাক্সক্ষী শোকাহত হন। দ্বীনি শিক্ষা, দাওয়াত ও সমাজ-সংগঠনে তার রেখে যাওয়া অবদান আজও স্মরণ করা হয়। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।