অর্থনীতিতে ওয়াজ মাহফিলের প্রভাব

প্রতি বছর ওয়াজ-মাহফিল ঘিরে দেশের নানা অঞ্চলে মানুষের ব্যাপক সমাগম ঘটে। ধর্মীয় আলোচনা ও ইবাদতের আবহের পাশাপাশি এ আয়োজন স্থানীয় জনজীবনে নানা পরিবর্তন আনে। বাজারে বাড়ে ক্রেতার উপস্থিতি, তৈরি হয় পণ্য ও সেবার চাহিদা। ব্যবসায়ী, শ্রমিক, পরিবহনকর্মী এবং ক্ষুদ্র উদ্যোক্তারা পান উপার্জনের সুযোগ। এতে অর্থনীতিতে অর্থের ব্যাপক প্রবাহ তৈরি হয়। তাই মাহফিলের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা জরুরি।

মাহফিল একই সঙ্গে ধর্মীয় আয়োজন, সামাজিক মিলনমেলা এবং সম্ভাবনাময় অনানুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র। এর অর্থনৈতিক তাৎপর্য নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা ও পরিসংখ্যানভিত্তিক আলোচনা যতটা হওয়া প্রয়োজন, বাস্তবে তা ততটা দৃশ্যমান নয়।

ওয়াজ মাহফিলের অর্থনীতি জিডিপিতে অর্থাৎ একটি দেশের অর্থনীতির আকার ও কর্মকাণ্ড মাপার প্রধান সূচকে কখনেই স্থান পায়নি। অথচ দেশের আনাচে-কানাচে হওয়া হাজার হাজার ওয়াজ মাহফিল জাতীয় অর্থনীতি তথা জিডিপিতে বিশাল ভূমিকা রাখছে।

ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান : একটি মাহফিলের মাঠে কিংবা তার আশপাশে কিছুক্ষণ অবস্থান করলেই অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি জীবন্ত চিত্র চোখে পড়ে। কেউ পসরা সাজিয়েছেন খাবারের, কেউ পোশাকের, কেউ বিক্রি করছেন টুপি, আতর, তসবিহ, জায়নামাজ ও ধর্মীয় গ্রন্থ। আবার কারও দোকানে রয়েছে শিশুদের খেলনা, গৃহস্থালির সামগ্রী, প্রসাধনী কিংবা নিত্যব্যবহার্য পণ্য।

লক্ষণীয় বিষয় হলো, এসব দোকানের একটি বড় অংশ পরিচালিত হয় স্বল্প পুঁজির উদ্যোক্তাদের মাধ্যমে। অনেকের জন্য এটি নিয়মিত ব্যবসার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ। আবার কারও জন্য এটি ব্যবসায় প্রবেশের প্রথম সোপান।

সাধারণত একটি স্থায়ী দোকান প্রতিষ্ঠার জন্য যে পরিমাণ পুঁজি, অবকাঠামো ও আনুষঙ্গিক ব্যয় প্রয়োজন, মাহফিলকেন্দ্রিক অস্থায়ী দোকানের ক্ষেত্রে তার অনেক কম দিয়েই ব্যবসা শুরু করা সম্ভব। একটি চট, কয়েকটি ঝুড়ি, একটি টেবিল কিংবা ছোট্ট একটি অস্থায়ী স্টল দিয়েই কেউ বেচাকেনায় নেমে পড়তে পারেন।

এখানে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা কার্যকর হয়, যেটাকে বলা হয়, স্বল্প পুঁজিনির্ভর উদ্যোক্তা সৃষ্টি। মাহফিলের মতো জনসমাগমভিত্তিক আয়োজনগুলো কার্যত এই উদ্যোক্তাদের জন্য একটি সাময়িক বাজার তৈরি করে দেয়। ফলে যাদের বড় ব্যবসা প্রতিষ্ঠার সামর্থ্য নেই, তারাও নিজেদের শ্রম, সামান্য পুঁজি ও ব্যবসায়িক বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উপার্জনের সুযোগ পান।

জিডিপিতে অবদান : কোনো দেশের অর্থনৈতিক সক্ষমতা মূল্যায়নের অন্যতম প্রধান সূচক হলো জিডিপি অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও সেবার মোট মূল্য সংযোজনের পরিমাপই জিডিপির ভিত্তি। মাহফিলকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে এই দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ খাত সামনে আসে। যেমন পণ্য বিক্রয়, খুচরা বাণিজ্য, খাবার প্রস্তুত ও বিক্রয়, পরিবহন ও যাতায়াতসেবা, অস্থায়ী দোকান ও স্টল পরিচালনা, পণ্য সরবরাহ, শ্রম ও অন্যান্য আনুষঙ্গিক সেবা।

এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে পণ্য ও সেবার মূল্য সংযোজিত হয়। বিশেষত স্থানীয় উৎপাদক, পরিবেশক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সেবাদাতারা এর মাধ্যমে উপকৃত হন।

বাংলাদেশের অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতের গুরুত্বও এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৩-এর তথ্যের ভিত্তিতে বাংলাদেশের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের মোট কর্মসংস্থানের ৮৪.১ শতাংশই অনানুষ্ঠানিক কর্মসংস্থানের অন্তর্ভুক্ত। অর্থাৎ দেশের কর্মবাজারের একটি বিশাল অংশ পরিচালিত হচ্ছে এমন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, যা প্রথাগত প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ২০১২ সালের একটি গবেষণায় দেখা যায়, ২০১০ সালে বাংলাদেশের সামগ্রিক মূল্য সংযোজনে অনানুষ্ঠানিক খাতের অবদান ছিল ৪০ শতাংশের বেশি। গবেষণাটিতে গ্রামীণ বাজার, ক্ষুদ্র ব্যবসা ও নিম্ন পুঁজিনির্ভর উৎপাদন কর্মকাণ্ডের গুরুত্বও তুলে ধরা হয়েছে।

এই পরিসংখ্যানগুলো মাহফিলের নিজস্ব জিডিপি অবদান নির্দেশ করে না, বরং মাহফিলকেন্দ্রিক ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ড জাতীয় অর্থনীতিতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা অনুধাবনের একটি প্রাসঙ্গিক ভিত্তি তৈরি করে।

এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, মাহফিলে যত টাকার বেচাকেনা হয়, তার পুরোটাই নতুন জিডিপি হিসেবে গণ্য হবে না। পণ্যের উৎপাদন, বিতরণ ও বিক্রয়ের বিভিন্ন পর্যায়ে প্রকৃত মূল্য সংযোজনই জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে। তবে অসংখ্য মাহফিলে সংঘটিত এসব ক্ষুদ্র অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্মিলিত প্রভাব যে উপেক্ষণীয় নয়, তা বলার অপেক্ষা রাখে না।

মাহফিল কেন্দ্রিক অর্থনীতির মৌসুম : বাংলাদেশে বেশির ভাগ মাহফিল অনুষ্ঠিত হয় শীতকালে। এই ঋতুগত বৈশিষ্ট্য এর অর্থনৈতিক সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করে। শীতকাল এমনিতেই গ্রামীণ জনজীবনে উৎসব, ভ্রমণ, পিঠাপুলি, সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের মৌসুমি বাণিজ্যের সময়। এর সঙ্গে যখন মাহফিলের জনসমাগম যুক্ত হয়, তখন স্থানীয় বাজারে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়। খাবার, পোশাক, শীতবস্ত্র, শিশুদের খেলনা, ধর্মীয় সামগ্রী এবং অন্যান্য পণ্যের বিক্রির সুযোগ বৃদ্ধি পায়। বিশেষ করে দূরদূরান্ত থেকে আগত মানুষের সমাগম স্থানীয় ব্যবসায়ীদের জন্য নিয়মিত বাজারের বাইরেও একটি বাড়তি ক্রেতাগোষ্ঠী তৈরি করে। একই সঙ্গে পরিবহন, চা-নাশতা, খাবার সরবরাহ ও অন্যান্য সেবার চাহিদা বৃদ্ধি পায়। ফলে একটি মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে সাময়িক হলেও বহুমুখী চাহিদা সৃষ্টি হয়। অর্থনীতির ভাষায়

একে মৌসুমি চাহিদা সম্প্রসারণের একটি উদাহরণ হিসেবে বিবেচনা করা যায়।

জমির মালিক ও স্থানীয় সম্পদের মূল্যায়ন : মাহফিলকেন্দ্রিক অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, স্থানীয় জমির মালিকদের আর্থিক সুবিধা। যেসব বাড়ির সামনের জায়গা, দোকানের সম্মুখভাগ কিংবা ব্যক্তিমালিকানাধীন জমিতে অস্থায়ী দোকান বসে, সেসব জায়গার মালিকরা অনেক ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়া বা জায়গা ব্যবহারের বিনিময়ে আর্থিক সুবিধা পান। অর্থাৎ যে জায়গা অন্য সময়ে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় না, মাহফিলের সময় সেটিই সাময়িক অর্থনৈতিক সম্পদে পরিণত হয়। এটি স্থানীয় সম্পদের কার্যকর ব্যবহারের একটি দৃষ্টান্ত। একদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিক্রির স্থান পান, অন্যদিকে জমির মালিকরা অতিরিক্ত আয়ের সুযোগ লাভ করেন। এভাবে একটি মাহফিল একই সঙ্গে ব্যবসায়ী, ভোক্তা

এবং সম্পত্তির মালিক, তিনটি পক্ষের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক তৈরি করে।

পরিবহন, সরবরাহ ও কর্মসংস্থান : মাহফিলের অর্থনীতি কেবল মাঠের ভেতরে বসা দোকানগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব ছড়িয়ে পড়ে বৃহত্তর স্থানীয় বাজার ব্যবস্থায়। দূরবর্তী স্থান থেকে পণ্য এনে বিক্রি করতে পরিবহন প্রয়োজন হয়। দোকান স্থাপন, মালামাল ওঠানো-নামানো, অস্থায়ী অবকাঠামো তৈরি, খাবার প্রস্তুত, পানি সরবরাহ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও শ্রমিকের প্রয়োজন হয়।

অন্যদিকে মাহফিলে আগত মানুষের যাতায়াতের জন্য রিকশা, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য পরিবহনসেবার চাহিদা বাড়ে। স্থানীয় পরিবহন শ্রমিকরা অতিরিক্ত আয়ের সুযোগ পান। ফলে একটি মাহফিল প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় ধরনের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করে।

অর্থের প্রবাহ : ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহ সৃষ্টি হয়। দর্শনার্থীদের কেনাকাটা থেকে দোকানিদের আয় হয়। সেই অর্থ দিয়ে তারা পাইকারের কাছ থেকে পণ্য কেনেন, শ্রমিকের মজুরি দেন এবং পারিবারিক ব্যয় মেটান। এভাবে একটি ক্রয়-বিক্রয় একাধিক অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্ম দেয়। স্থানীয় দোকানি, ক্ষুদ্র উদ্যোক্তা, পরিবহনকর্মী, শ্রমিক ও সরবরাহকারীরা উপকৃত হন।

এ ছাড়া মাহফিল পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করতেও ভূমিকা রাখে। দূরে থাকা আত্মীয়স্বজন বাড়িতে ফেরেন। প্রাক্তন শিক্ষার্থী, সহপাঠী ও বন্ধুরা মিলিত হন। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও পরিচিতির ক্ষেত্র বিস্তৃত হয়।

ইসলামি সংস্কৃতির বহুমাত্রিক প্রকাশ হিসেবেও মাহফিল গুরুত্বপূর্ণ। এটি ধর্মীয় চেতনা জাগানোর পাশাপাশি সামাজিক সংহতি ও ক্ষুদ্র উদ্যোক্তা বিকাশে ভূমিকা রাখে।

তবে এ সম্ভাবনা কাজে লাগাতে দোকান বরাদ্দ, ন্যায্য ভাড়া, নিরাপদ খাবার, বিশুদ্ধ পানি, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পমেয়াদি পুঁজি ও পরামর্শ দেওয়াও জরুরি। পাশাপাশি দোকানের সংখ্যা, বিনিয়োগ, বিক্রয়, আয়, কর্মসংস্থান, পরিবহন ও অন্যান্য সেবায় ব্যয়ের তথ্য নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা প্রয়োজন। এতে মাহফিলের স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে প্রকৃত অবদান নিরূপণ করা সম্ভব হবে।

লেখক : শিক্ষার্থী, মাদ্রাসা দারুর রাশাদ মিরপুর, ঢাকা