শুটিং করতে গিয়ে আর ফেরা হলো না সোহেল খানের

নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর এবং মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

শুটিং ইউনিট ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। আজ বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নাশতা ও মেকআপ সেরে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেল কক্ষে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। ২০০৭ সালে প্রচারিত ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। ছোট পর্দায় ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’-এর মতো নাটক ও টেলিছবিতে কাজ করেছেন তিনি। বড় পর্দায় ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘দেশা : দ্য লিডার’, ‘শান’ এবং ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’সহ একাধিক চলচ্চিত্রে হাস্যরসাত্মক ও খল চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সোহেল খানের ছোট ভাই চ্যানেল আইয়ের বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান জানান, বগুড়ার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ঢাকার ধামরাইয়ের রাজাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।