দিনে নির্যাতিত ৯ নারীর দুজনই ধর্ষণের শিকার

ঢাকার ডেমরার পশ্চিম হাজীনগরের বাসিন্দা সুলতানা বেগম (ছদ্মনাম) সংসার সামলানোর পাশাপাশি স্থানীয় এলাকার বাসাবাড়িতে কাজ করেন। ৪৩ বছর বয়সী সুলতানার স্বামী রঙ ও টাইলস মিস্ত্রি তবে, মাসের বেশিরভাগ দিন কাজে যান না। প্রায়ই তিনি সুলতানার রোজগারে ভাগ বসান। এ নিয়ে কথা বললেই চলে মারধর। সুলতানার এক ছেলে ব্যাটারিচালিত অটোরিকশা চালালেও তার দিনের রোজগার দিনেই শেষ হয়ে যায়। একমাত্র মেয়ে স্থানীয় একটি কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়ছেন। সংসার সামলাতে সুলতানাকে প্রায়ই ধারদেনা করতে হয়। ছেলেমেয়ে বড় হওয়ায় সুলতানার ওপর মারধর কিছু কমলেও স্বামীর মানসিক নির্যাতন চলে নিয়মিত। দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে ভুক্তভোগী এ নারী বলেন, সংসার ও ছেলে মেয়ের কথা চিন্তা করে নীরবে নির্যাতন সহ্য করি। নিজেকে সঁপেছি নিয়তির হাতে।’

সুলতানার মতো এমন নির্যাতন সহ্য করতে হয় দেশের নারীসমাজের বড় একটা অংশকে। ধর্ষণের মতো ভয়াভহ অভিজ্ঞতারও মুখোমুখি হতে হয় অনেককে। অনেক নারী বা তার পরিবার শারীরিক, মানসিক বা যৌন নির্যাতনের ঘটনা লোকলজ্জা, সামাজিক হেনস্তা, সংসার টিকিয়ে রাখা, ছেলেমেয়ের ভবিষ্যৎ ইত্যাদি কারণে চেপে যান। কোনো কোনো নারী বিচারের জন্য থানা আদালত পর্যন্ত গেলেও বিচারের দীর্ঘসূত্রতা ও হয়রানির কারণে প্রতিকার তাদের কাছে দুরূহ হয়ে পড়ে।

মানবাধিকার সংস্থাগুলো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, দেশে দিনে গড়ে ৯ জন নারী ধর্ষণ বা শারীরিক ও অন্য নির্যাতনের শিকার হন। তাদের মধ্যে ধর্ষণের শিকার হন অন্তত দুজন নারী বা কন্যা শিশু। এমন পরিস্থিতিতে আজ ২৫ নভেম্বর বুধবার পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস বা নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবস। ১৯৮১ সাল থেকে পালিত হয়ে আসা এ দিনটিকে ২০০০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এ দিন থেকে ১০ ডিসেম্বর (আন্তর্জাতিক মানবাধিকার দিবস) পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষও পালিত হয়।

নারীর ওপর বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করেছে দেশ রূপান্তর। তাতে দেখা গেছে, চলতি বছরের প্রথম ১০ মাসে ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যা শিশু ধর্ষণ, শারীরিক নির্যাতন কিংবা অন্য নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৩৯ জন, যাদের মধ্যে ৪৩৪ জন ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। আর ১৫০ জন নারী ও কন্যা শিশু গণধর্ষণের মতো পাশবিকতার শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে। এ ছাড়া ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন তিনজন নারী। পর্যালোচনায় দেখা গেছে, প্রতিদিন গড়ে প্রায় ৯ জন বিভিন্ন বয়সী নারী নির্যাতনের শিকার হচ্ছেন। এই ৯ জনের মধ্যে দুজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। 

এইচআরএসএসের হিসেবে গত ১০ মাসে ৭৬৮ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে শিশু অর্থাৎ ১৮ বছরের কম বয়সী ৩১২ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় তিনজন নারী যৌন নিপীড়নের মতো ঘটনার শিকার হচ্ছেন।

এ ছাড়া ১০ মাসে যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। তবে, পরিসংখ্যান বলছে এসিড সন্ত্রাস অনেক কমে এলেও শতভাগ নির্মূল হচ্ছে না। চলতি বছরের প্রথম ১০ মাসে এসিডসহিংসতায় ছয়জন নারী আহত হয়েছেন।

পর্যালোচনায় আরও দেখা গেছে, ২০২৫ সালের প্রথম ১০ মাসের তুলনায় চলতি বছরের প্রথম ১০ মাসে নারী ও শিশু নির্যাতনের প্রায় সব সূচক বেড়েছে। এইচআরএসএস থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত বছরের প্রথম ১০ মাসে ১ হাজার ৭৩৩ জন নারী ও কন্যা শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন। ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ নারী, যাদের মধ্যে ৪৩০ জনই কন্যা শিশু। এ ছাড়া গত বছরের প্রথম ১০ মাসে ৩৭৪ জন নারী যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন, যাদের মধ্যে ২১৪ জন কন্যা শিশু।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) শিশুসহ বিভিন্ন বয়সী ৫৬৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৪৮ জন নারী। ১০ মাসে  ছয় বা তার কম বয়সী ৬৯ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া ৭ থেকে ১৮ বছর বয়সী ২১৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ১৬টি দৈনিক পত্রিকা, একাধিক অনলাইন পোর্টাল এবং নিজস্ব পর্যবেক্ষণ বিশ্লেষণ করে তারা এসব তথ্য সংগ্রহ করেন। তবে, নারী ও কন্যা শিশু নির্যাতনের প্রকৃত চিত্র আরও অনেক বেশি। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত, স্বল্প আয়ের মানুষ কিংবা প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের যারা ধর্ষণ বা অন্য শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তাদের অনেকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রকাশ হয় কম। তিনি বলেন, ‘নারী ও কন্যা শিশুর ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে। নির্যাতনের ধরনও পাল্টেছে। কিন্তু প্রতিকারের পথ খুবই সীমিত। ফলে এ জায়গাটায় মানবাধিকারের প্রশ্নটি সামনে এসেছে।’ 

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান মনে করেন রাজনৈতিক স্থিতিশীলতা ও রাজনৈতিক সদিচ্ছা না থাকলে নারী নির্যাতনের পরিস্থিতির আরও অবনতি হবে। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘গত দুবছর ধরে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে না। আইনের সঠিক ও সময়োপযোগী প্রয়োগ হচ্ছে না। ফলে নির্যাতনকারীদের মনে এক প্রকার অভয় কাজ করছে যে, কিছ্ইু হবে না। নির্যাতনের প্রতিকারের জন্য নারী যেখানে যাবেন, সেই আদালতগুলোর পরিবেশ ও ভালো নয়। সেখানে ঘুষ ছাড়া কাজ হয় না।’

পরিবারেও অনিরাপদ নারী :

নারীর জন্য পরিবারকে মনে করা হয় সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো থেকে সংগৃহিত পরিসংখ্যান বলছে, নারী এখন পরিবারের হেফাজতেও অনিরাপদ। আসকের হিসাব গত ১০ মাসে শুধু যৌতুকের জন্য হত্যার শিকার হয়েছেন ৪৮ নারী। যৌতুক দাবিসহ নানা কারণে স্বামীর হাতে প্রাণ গেছে ১৪২ জন নারীর। পরিবারের হেফাজতে থাকা ১০৭ জন নারীও আত্মহত্যা করেছেন। 

আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের কাছে যে সমস্ত পরিসংখ্যান আসে তাতে দেখা গেছে নারীদের ওপর নির্যাতন ও আঘাত বেড়েছে আমরা খুবই উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘প্রতিকারের জায়গা থেকে যদি দেখি, দু’-একটা ঘটনায় হয়তো দ্রুত বিচার হচ্ছে, কিন্তু ভুক্তভোগীদের বড় একটা অংশের প্রতিকার দীর্ঘসূত্রতায় আটকে আছে।’ 

সুপ্রিম কোর্টের আইনজীবী, নারী ও শিশু অধিকারকর্মী অ্যাডভোকেট ইশরাত হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘নারী ও কন্যা শিশুর নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়া শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, বরং নারীর নিরাপত্তা, মর্যাদা, সমতা এবং মৌলিক মানবাধিকারের প্রশ্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা অবশ্যই একটি কারণ।’ তিনি বলেন, প্রয়োজন আইনের কার্যকরী প্রয়োগ, দ্রুত বিচার, অপরাধীর জবাবদিহি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।’