ডলারের দরে ‘নিয়ন্ত্রিত’ অনিয়ন্ত্রণ

খোলাবাজারে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার বিনিময়হার ইতিহাসের সর্বোচ্চপর্যায়ে পৌঁছেছে। গত কয়েক দিনে রাজধানীর মানি এক্সচেঞ্জগুলোতে নগদ প্রতি ডলার ১২৯ থেকে ১৩০ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে। অথচ বাংলাদেশ ব্যাংকের ভারিত ওয়েইটেড গড় বিনিময়হার ১২৪ টাকা ৭৩ পয়সা এবং সর্বোচ্চ নির্ধারিত দর ১২৪ টাকা ৭৫ পয়সা। ব্যাংক ও খোলাবাজারের ঘোষিত দরের সঙ্গে বাস্তব লেনদেনের এ ব্যবধান তৈরি করেছে ডলারের বাজারদরে এক ধরনের ‘গ্রে এরিয়া’।

এর আগে ২০২৩ সালের নভেম্বরেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন বাংলাদেশ ব্যাংক প্রতি ডলারের বিনিময়মূল্য ১০৬ টাকা দেখালেও ব্যাংকে ও খোলাবাজারে ১১৮ থেকে ১২২ টাকায় বিক্রি হতো। বাংলাদেশ ব্যাংক ওই সময় পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে এবং সরবরাহ বাড়াতে রেমিট্যান্স সংগ্রহে সরকারের দেওয়া আড়াই শতাংশের সঙ্গে ব্যাংকপ্রদেয় আরও আড়াই শতাংশ মিলিয়ে মোট ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত ওই প্রণোদনার হারই চলছে। তবে তখনকার সংকট ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ চরম অবনতি। এবার সেই সংকট নেই। তারপরও বাজারে ডলার সহজলভ্য নয়। হিসাব অনুযায়ী, তিন বছর আগের দর ১০৬ টাকার সঙ্গে বর্তমান দর ১৩০ টাকার তুলনামূলক বিচারে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ২২ শতাংশের মতো।

সংশ্লিষ্টব্যক্তিরা বলছেন, বিদেশফেরত যাত্রী ও প্রবাসীদের মাধ্যমে দেশে আসা নগদ ডলারের সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে ব্যক্তিগত বিদেশ ভ্রমণ, সন্তানের বিদেশে পড়াশোনার টিউশন ফি এবং চিকিৎসার খরচ মেটাতে ডলার কিনতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে গ্রাহকদের। শুধু খোলাবাজার নয়, ব্যাংকেও আমদানির ঋণপত্র (এলসি) খোলা এবং আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ঘোষিত দরের চেয়ে বেশি দামে ডলার সংগ্রহ করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মানি চেঞ্জারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এমএস জামান বলেন, ‘ডলারের প্রকৃত বাজারদর এবং ঘোষিত বিনিময়হারের মধ্যে পার্থক্য থাকলেই গ্রে এরিয়া তৈরি হয়। বাস্তবে ডলারের সংগ্রহমূল্য বেড়ে যাওয়ায় নির্ধারিত দরে বিক্রি করা সম্ভব হচ্ছে না।’

তিনি বলেন, ‘উদাহরণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ১২৪ টাকা ৭৫ পয়সা দরে ব্যাংক রেমিট্যান্স (প্রবাস আয়) কিনলে এর সঙ্গে আড়াই শতাংশ প্রণোদনা যুক্ত হয়। এতে প্রতি ডলারে আরও ৩ টাকা ১২ পয়সা যুক্ত হয়ে ক্রয়মূল্য দাঁড়ায় ১২৭ টাকা ৮৬ পয়সা। তাহলে ব্যাংক কীভাবে এর চেয়ে কম দামে ডলার বিক্রি করবে?’

এমএস জামান বলেন, ‘এখন বাজারে নগদ ডলার পাওয়া যাচ্ছে না। আগের মতো বিদেশফেরত যাত্রীরা ডলার আনছেন না। ফলে বেশি দামে ডলার সংগ্রহ করতে হচ্ছে। কেউ তো লোকসান দিয়ে ব্যবসা করবেন না। শুধু খোলাবাজার নয়, ব্যাংকেও এলসি খোলার ক্ষেত্রে বাড়তি দরে ডলার বিক্রি হচ্ছে। এ জন্য শুধু মানি চেঞ্জারদের দায়ী করলে হবে না।’

মানি চেঞ্জারস অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, গত রবিবার সকাল ১০টায় খোলাবাজারে প্রতি ডলার ১২৭ টাকায় কেনা এবং ১২৮ টাকায় বিক্রি হয়েছে। ক্রেতার সংখ্যা বাড়তে থাকায় বেলা সাড়ে ১১টা থেকে ক্রয়দর বেড়ে ১২৮ টাকা এবং বিক্রয়দর ১২৯ টাকায় ওঠে। তবে দুপুরের দিকে প্রকৃত লেনদেনে প্রতি ডলারের দর ১২৯ থেকে ১৩০ টাকা ছিল।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) গত রবিবারের পরিসংখ্যানে জানিয়েছে, তাদের ৫৪টি সদস্য ব্যাংক ভিন্ন ভিন্ন দরে ১২৫ থেকে ১২৮ টাকা দরে নগদ ডলার বিক্রি করেছে। ওই দিন সোনালী ব্যাংকও ১২৫ টাকা ৫০ পয়সা দরে নগদ ডলার বিক্রির তথ্য দিয়েছে। অথচ বাংলাদেশ ব্যাংকের ভারিত গড় বিনিময়হার ১২৪ টাকা ৭৩ পয়সা এবং সর্বোচ্চ দর ১২৪ টাকা ৭৫ পয়সা।

খবর নিয়ে জানা গেছে, গত সোমবারও দুটি বেসরকারি ব্যাংকে আমদানির ঋণপত্রের বিল পরিশোধে ডলারের দর নেওয়া হয়েছে ১২৫-১২৭ টাকা।

ব্যাংকগুলোর ডলার সংগ্রহের প্রধান উৎস রেমিট্যান্স ও রপ্তানি আয়। সংশ্লিষ্টরা জানান, রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক থাকলেও রপ্তানি আয়ে কিছুটা ভাটা পড়েছে। এ কারণে রেমিট্যান্স সংগ্রহে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। বেশি দামে ডলার কিনতে গিয়ে ব্যাংকগুলোর সংগ্রহব্যয় বাড়ছে। সেই ব্যয় সমন্বয় করতে বিক্রির সময়ও বাড়তি মূল্য আদায় করতে হচ্ছে।

বিশিষ্ট ব্যাংকার ও বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন এ প্রসঙ্গে বলেন, বাজারে ডলারের দর নির্ধারিত হয় চাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করে। ব্যাংকভেদেও ওই হার ভিন্ন ভিন্ন হতে পারে। নিয়ন্ত্রণ করে ডলারের দর ঠেকানো যাবে না। গ্রাহকের যখন এলসি পেমেন্ট (বিদেশ থেকে পণ্য ক্রয়ের বিপরীতে মূল্য পরিশোধ) করতে হবে, তখন সংশ্লিষ্ট ব্যাংকের হাতে পর্যাপ্ত ডলার না থাকলে ব্যাংকটি এক্সচেঞ্জ হাউজ থেকে জরুরি ভিত্তিতে ডলার কিনতে পারে। এ ক্ষেত্রে দরও বেশি হতে পারে। সেই বাড়তি দর গ্রাহকের কাছ থেকেই আদায় করা হয়। এটা ব্যবসার স্বার্থে ব্যাংক গ্রাহক সম্মতির ভিত্তিতেই করা হয়ে থাকে। এটি প্র্যাকটিস। তবে রেগুলেটরের দরের বাইরে ডলার ক্রয় করা যেমন ঠিক নয়, তেমনি বাজারে সরবরাহ না থাকলে দর নিয়ন্ত্রণের চেষ্টাও ঠিক নয়। দর যেখানে নিয়ন্ত্রণ করা হবে, সেখানেই দর বাড়বে। এটাই বাজারের বৈশিষ্ট্য।

তিনি বলেন, ‘সারা দুনিয়াতেই ফরমাল (আনুষ্ঠানিক) ও ইনফরমাল (অনানুষ্ঠানিক) বাজারদর বিদ্যমান। আমাদের দেশের মতো দেশগুলোতে এ পরিস্থিতি আরও বিস্তৃত। তবে বাংলাদেশ ব্যাংক এখন ডলার হোল্ডিং সীমা বাড়িয়েছে। তাই ব্যাংক, এক্সচেঞ্জ হাউজ ও মানি চেঞ্জার প্রতিষ্ঠানও একটু বেশি ডলার ধরে রাখতে পারে। সুতরাং সরবরাহ কমলেও সংকট অতটা প্রকট হওয়ার সম্ভাবনা দেখছি না।’

মোহাম্মদ নূরুল আমিন বলেন, ‘১৫ বছর আগে ডলারের বিনিময়হার দীর্ঘদিন ৮০-৮৫ টাকায় সীমাবদ্ধ ছিল। বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির আকার বাড়লেও ডলারের দর সমন্বয় করা হয়নি। তাই গত কয়েক বছরে আমরা টাকার মান প্রায় ৩০-৩৫ শতাংশ হারিয়েছি। এটা যেহেতু সইতে পেরেছি, আমাদের অর্থনীতির সক্ষমতা আছে ডলারের বিপরীতে টাকার মান আরও সামান্য পড়ে গেলেও ভয়ের কিছু নেই।’

সংকটের পেছনে ভিন্ন প্রেক্ষাপট

সংশ্লিষ্টব্যক্তিরা বলছেন, ২০২৩ ও ২০২৬ সালে ডলারের বাজারে অস্থিরতা তৈরি হলেও দুটি সময়ের প্রেক্ষাপট এক নয়। ২০২৩ সালে আমদানি ব্যয় মেটাতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। একই সময়ে রেমিট্যান্সপ্রবাহও কমে যাওয়ায় ডলারের সংকট তীব্র হয়। ওই বছর একপর্যায়ে খোলাবাজারে প্রতি ডলারের দর ১২৯ টাকা পর্যন্ত উঠেছিল। অথচ তখনো বাংলাদেশ ব্যাংক ডলারের গড় বিনিময়হার সর্বোচ্চ ১১১ টাকা দেখিয়েছিল।

অন্যদিকে চলতি মাসের শুরুতে তৈরি হওয়া সংকটের পেছনে বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে সৃষ্ট যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নেওয়ায় তেল ও এলএনজি সরবরাহে বাধা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বাংলাদেশও এর বাইরে নয়। সরকারকে এলএনজি আমদানিতে প্রচুর ডলার ব্যয় করতে হয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি বিনিয়োগকারী ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও ওই যুদ্ধের প্রভাবে ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে বিমান ভাড়া কয়েকগুণ বেড়ে যাওয়ায় নিয়মিত যাতায়াতকারী প্রবাসীদের দেশে আসার খরচ বেড়েছে। ফলে তাদের মাধ্যমে দেশে নগদ ডলার আসার পরিমাণও কমেছে।

বিনিময়হার বাজারের ওপর ছাড়ার ইঙ্গিত

ডলারের বাজার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিনিময়হার নির্ধারণে বাজারভিত্তিক পদ্ধতিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। গত ২০ নভেম্বর চট্টগ্রামে পরবর্তী মুদ্রানীতি নিয়ে অংশীজনদের সঙ্গে এক আলোচনা সভায় গভর্নর বলেছেন, ডলারের দর বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে না; বরং সরবরাহ ও চাহিদার ভিত্তিতে ক্রেতা-বিক্রেতার দর-কষাকষির মাধ্যমে তা নির্ধারিত হবে। আগামী এক মাসের মধ্যে এ পদ্ধতিতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

এমএস জামান জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক থেকে ডলার সরবরাহ না করে বিদেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে ডলার সংগ্রহ এবং বিদেশগামী যাত্রীদের কাছে বিক্রির নির্দেশনা দিয়েছে। দেশ রূপান্তরকে তিনি বলেন, নগদ ডলারের সংকটে প্রতিষ্ঠানগুলোকে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক কিংবা অন্য কোনো ব্যাংক আমাদের ডলার দেয় না। আমরা ডলার পাব কই?