দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো কূটনীতিকদের অবহিত করে সরকার গণতান্ত্রিক উত্তরণ, স্থিতিশীলতা রক্ষা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিক ও উন্নয়ন অংশীদারদের কাছে সরকারের এ বার্তা তুলে ধরা হয়েছে।
সরকার একই স্থানে সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের (২০২৬) খসড়া নিয়ে কূটনীতিক ও উন্নয়ন অংশীদারদের আলাদা পরামর্শমূলক সভা করেছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কূটনীতিকদের উদ্দেশে বলেন দেশে সম্প্রতি সংঘটিত সহিংসতা ও
অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের আকাঙ্খার পরিপন্থী।
প্রতিমন্ত্রী বলেন, এ দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ এবং একটি উন্নত ভবিষ্যৎ চায়। জনগণের এই আকাক্সক্ষা পূূরণ এবং বিনিয়োগ, প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই প্রচেষ্টায় বাংলাদেশের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের বোঝাপড়া এবং গঠনমূলক সম্পৃক্ততাকে সরকার অত্যন্ত গুরুত্ব দেয়, এমনটি উল্লেখ করে তিনি বলেন ‘একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে আমরা আপনাদের (আন্তর্জাতিক সম্প্রদায়) অব্যাহত সমর্থন প্রত্যাশা করি।’
কূটনীতিকরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্বারা সংঘটিত সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকা-ের প্রেক্ষাপটে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী কূটনীতিকদের জানান, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জনমনে ভয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করছেন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা প্রকট করার উদ্দেশ্যে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘাত উসকে দিচ্ছেন।
পুলিশি স্থাপনায় হামলা এবং অস্ত্র লুটের চেষ্টা কোনো বৈধ রাজনৈতিক প্রতিবাদ নয় এমনটি উল্লেখ করে তিনি বলেন, বরং এগুলো রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আইনের শাসনের প্রতি চ্যালেঞ্জ।
হুমায়ুন কবির আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিদেশেও বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত, যার মধ্যে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের মতো বিষয়ও রয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা বিদেশেও সক্রিয়। তারা বিভিন্ন দেশে অস্থিরতা ছড়াচ্ছে এবং সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে।’
কূটনীতিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা তাদের দেশে ফিরিয়ে আনতে চাই। এ বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি।’
এসব ঘটনা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, কূটনীতিকদের এমনটি জানিয়ে তিনি বলেন ‘আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর, পেশাদার এবং আনুপাতিক হারে (পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয়) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় কোনোভাবেই অগ্নিসংযোগ, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস বা অস্ত্র ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টাকে বৈধতা দিতে পারে না। এমন ঘটনায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সরকার প্রতিশোধমূলক সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কর্মকাণ্ড সহ্য করবে না।
তিনি জানান, এসব ঘটনায় মামলা করা হয়েছে। তদন্ত চলছে। যারা বেআইনি কর্মকাণ্ডের জন্য দায়ী, তাদের আইনের আওতায় এনে জবাবদিহিতার মুখোমুখি করা হবে।
হুমায়ুন কবির বলেন, নিরাপত্তার প্রতি হুমকি মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলো যথাযথ আইনি প্রক্রিয়া, মানবাধিকার এবং আইনের শাসনের নীতি দ্বারা পরিচালিত হবে।
কূটনীতিকরা কোনো বক্তব্য দিয়েছেন কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটি স্থানীয় পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করার জন্য নিয়মিত কার্যক্রমের অংশ।
বিভিন্ন জায়গায় ‘সন্ত্রাসী হামলা’ হচ্ছে এমন মন্তব্যের দ্বারা সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বোঝাচ্ছেন কি না জানতে চাইলে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের মানুষ টেররিজম (সন্ত্রাসবাদ) তো এক জায়গা থেকেই দেখে, আওয়ামী টেররিজম, স্পন্সরড বাই হাসিনা। আপা ফ্রম দিল্লি। এটা তো সবাই জানে, এটা তো রকেট সায়েন্স না!’
সরকার এই ধরনের নোংরামি দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, মানুষই এখন ধরে ধরে এদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে।
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে পরামর্শ : কূটনীতিকদের সঙ্গে খসড়াটির বিষয়ে পরামর্শ করার বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, আইনটি চূড়ান্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে পরামর্শ সভাটি হয়েছে। তিনি বলেন, সরকার কোনো জটিল বা অস্বচ্ছ প্রক্রিয়া চায় না। যে বিষয়গুলো সহজ ও স্বচ্ছভাবে সমাধান করা সম্ভব, সেগুলো সেভাবেই করা হচ্ছে। বাণিজ্যিক স্বার্থ বা অন্য কোনো প্রভাব যেন প্রক্রিয়াকে প্রভাবিত না করে, সেদিকেও সরকারের পূর্ণ নজর রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত সংশোধনীগুলো নিয়ে আরও ব্যাপক আলোচনার জন্য মন্ত্রিসভা থেকে ফেরত পাঠিয়েছেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, কারণ এর সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও বাকস্বাধীনতার মতো বিষয়গুলো জড়িত।
আইনমন্ত্রী জানান, সরকার কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের আগামী এক সপ্তাহের মধ্যে লিখিত আকারে আরও সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। তিনি তাদের আশ্বস্ত করেন যে, খসড়াটি চূড়ান্ত করার আগে তাদের মতামতগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা হবে।
স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে করা প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, সরকার মৌলিক অধিকার-সংক্রান্ত সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যেই থাকবে।
অনলাইন কনটেন্ট অপসারণের নির্দেশ দেওয়া বা বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদানের বিষয়ে উদ্বেগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই ক্ষমতাকে অবাধ রাখা হয়নি। এ ধরনের সিদ্ধান্ত বিচারিক পর্যালোচনার (জুডিশিয়াল রিভিউ) আওতাভুক্ত থাকবে।
আইনের ভাষায় অস্পষ্টতা নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা স্বীকার করে আসাদুজ্জামান বলেন, সরকার সংজ্ঞাগুলোকে আরও স্পষ্ট করার এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন বিধানগুলো দূর করার জন্য কাজ করছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম পরামর্শ সভায় সভাপতিত্ব করেন। প্রযুক্তির অপব্যবহার রোধে এ সংশোধন জরুরি, এমন মন্তব্য করে তিনি বলেন, অর্থনীতি ও সরকারি সেবা দ্রুত ডিজিটালাইজড হচ্ছে। এর পাশাপাশি সাইবার হুমকির পরিসর ও জটিলতাও বাড়ছে। অতীতের কিছু আইন প্রণয়ন প্রক্রিয়া দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। বর্তমান সরকার সেই উদ্বেগ দূর করে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
কূটনীতিকরা সাধারণ আলোচনায় সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির বিধানসহ খসড়ার ইতিবাচক পরিবর্তনগুলোর প্রশংসা করেন। তারা গুজব, অপতথ্য ও মানহানি-সংক্রান্ত ধারাগুলো আরও সুনির্দিষ্ট করা এবং মানহানির ক্ষেত্রে অ-ফৌজদারি প্রতিকারের সুপারিশ করেন। পাশাপাশি কনটেন্ট ব্লকিংয়ে ট্রাইব্যুনালের অনুমোদন, স্বাধীন বিচারিক পর্যালোচনা, সব ধরনের সাংবাদিকের সুরক্ষা, সংবাদসূত্রের গোপনীয়তা এবং সৎ বিশ্বাসে করা সাংবাদিকতার জন্য আইনি রক্ষাকবচ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
সভায় মানহানি, হেয় প্রতিপন্ন ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে আইনের সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব এবং সাইবার স্পেসের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করার বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান বক্তব্য দেন।