তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবেএমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত। এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।
গতকাল মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এই মহড়ার পেছনে দূরদর্শী চিন্তা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারেরও প্রতিফলন।
প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি আরও কার্যকর হবে।
এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী : এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার তিনি নিজেই সাঁজোয়া যান চালান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি জানান, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত ৮ কিলোমিটার এটিভি ভেহিকল মডেল (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) এর সেনা যান চালিয়ে আসেন।
এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান ছিলেন বলে জানান উপ-প্রেস সচিব রনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ৮ কিলোমিটার পথ অতিক্রম করে দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এক ভেন্যু থেকে অন্য ভেনুতে যেতে প্রধানমন্ত্রীকে এই ৮ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এ সময় ধানের ক্ষেতের পাশ দিয়ে কাঁদামাটির আঁকাবাঁকা পথে গাড়িটি ধীরে ধীরে চলতে দেখা গেছে।
এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে।
এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী : নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনসহ নানা কর্মসূচিতে ব্যস্ত থাকার পর ক্লান্তি উপেক্ষা করে গতকাল সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছেন প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন। এরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে অংশ নেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
তিনি বলেন, তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাওয়ার জন্য গতকাল সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি টেকনিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর তিনি দিনের কর্মসূচির ক্লান্তি উপেক্ষা করে সরাসরি সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কাজে যোগ দেন।