চীনের মহাকাশ যাত্রায় ইতিহাস গড়ল পাকিস্তান

চীনের মহাকাশ কর্মসূচিতে নতুন ইতিহাস তৈরি হয়েছে। দেশটির শেনঝৌ-২৪ মহাকাশযানে করে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়ার সুযোগ পেয়েছেন। খবর শিনহুয়ার। 

এই অভিযানের মধ্য দিয়ে মহাকাশে যাত্রা করা প্রথম পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়েছেন মুহাম্মদ জিশান আলী। তার সঙ্গে মিশনে অংশ নিয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই।

বুধবার (২৫ নভেম্বর) বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। বাংলাদেশ সময় তখন সকাল ৬টা ১৮ মিনিট। চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) এ তথ্য জানিয়েছে।

উৎক্ষেপণের আগে তিন নভোচারীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় উৎক্ষেপণকেন্দ্রে শত শত মানুষ উপস্থিত ছিলেন। তাদের হাতে চীন ও পাকিস্তানের জাতীয় পতাকা দেখা যায়। অনেকে ক্যামেরা ও মোবাইলফোন নিয়ে ঐতিহাসিক মুহূর্তটি ধারণের অপেক্ষায় ছিলেন। মহাকাশযানে ওঠার আগে তিন নভোচারীকে কাগজের নির্দেশিকা বারবার পড়তেও দেখা যায়।

এই মিশনে চীনের অভিজ্ঞ নভোচারী তাং হংবো এবং উ ই ছয় মাসের জন্য মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। তাং হংবোর জন্য এটি তৃতীয় মহাকাশ অভিযান। এর আগে তিনি শেনঝৌ-১২ ও শেনঝৌ-১৭ মিশনে অংশ নিয়েছিলেন। 

অন্যদিকে, পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী তুলনামূলক স্বল্প সময়ের জন্য মহাকাশ স্টেশনে থাকবেন। পরিকল্পনা অনুযায়ী, তিনি সেখানে পাঁচ থেকে ১০ দিন অবস্থান করবেন। পরে শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন।

পাকিস্তানি এই নভোচারীর অংশগ্রহণ চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। 

এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসেও এটি একটি উল্লেখযোগ্য ঘটনা।

শেনঝৌ-২৪ মিশনে শুধু নভোচারীদের পরিবহন নয়, বৈজ্ঞানিক গবেষণাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ অভিযানে ৯০টির বেশি বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এসব গবেষণার মধ্যে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, মহাকাশ চিকিৎসা এবং নতুন প্রযুক্তির পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানি নভোচারীও চীন-পাকিস্তানের যৌথ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন।

এদিকে, শেনঝৌ-২৩ মিশনের নভোচারীরা এরই মধ্যে তিয়াংগং মহাকাশ স্টেশনে ১৮০ দিনের বেশি সময় কাটিয়েছেন। চীনের মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন এবং নতুন দলের সদস্যদের স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন।

চীনের মহাকাশ কর্মসূচিতে তিয়াংগং স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেখানে নিয়মিত নভোচারী পাঠানো, দীর্ঘমেয়াদি অবস্থান এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে মহাকাশে দেশটির সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে।

শেনঝৌ-২৪ মিশনে পাকিস্তানের অংশগ্রহণ এই কর্মসূচিতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন মাত্রা যুক্ত করেছে। বিশেষ করে প্রথম বিদেশি নভোচারীর অন্তর্ভুক্তি চীনের মহাকাশ স্টেশনকে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।