বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থানে করছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৭৯। অন্যদিকে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ২১১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বুধবার (২৫ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে, ২৭৯ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আফগানিস্তানের কাবুল, ২২৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি শহর এবং ২০৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর।