দেশে ফিরে যে ঐক্যের তাগিদ দিলেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

 

বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটিকে ধৈর্য ধরতে হবে। বিচারপ্রক্রিয়া সম্পন্ন হলে আদালতের রায় মেনে নেওয়ারও আহ্বান জানান তিনি।’
 

আওয়ামী লীগের নির্যাতনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ‘দলটির নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। এখন শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা দেওয়া হচ্ছে, জনগণ তা প্রতিহত করবে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তা করেই দিয়েছেন। তবে শুধু আহ্বান জানালেই দীর্ঘমেয়াদি ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। সংলাপের মাধ্যমে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা ও সদমঝোতার ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি।’

জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তার ভাষ্য, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। এ পরিস্থিতিতে দেশের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে দেওয়া বক্তব্যে একদিকে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন ডা. শফিকুর রহমান। অন্যদিকে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি ঐক্য প্রতিষ্ঠায় সংলাপের ওপর গুরুত্ব দেন তিনি।