ইবির ৫ম সমাবর্তনের কমল রেজিস্ট্রেশন ফি, বাড়ল সময়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের রেজিস্ট্রেশনের ফি কমানোর পাশাপাশি নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আবেদন ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।
 
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে  তথ্য জানা যায়।
 
অফিস আদেশে বলা হয়, রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সমাবর্তনের নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, শুধু  ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
এর আগে, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সমাবর্তনের সময়সীমা বেঁধে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তনে মাস্টার্সের ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং অনার্সে ২০১২-১৩ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ পর্যন্ত অংশ নিতে পারবেন বলে জানানো হয়। এতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (মাস্টার্স) নিবন্ধন ফি ৪ হাজার পাঁচশত নির্ধারণ এবং সনদ ফি যথাক্রমে ৫০০ ও ৭০০ টাকা করা হয়। এমফিল সনদের জন্য ১ হাজার টাকা, পিএইচডি ডিগ্রির জন্য ২ হাজার টাকা করা হয়। এ ছাড়াও সান্ধ্যকালীন রেজিষ্ট্রেশন ৫৫০০ ও সনদ ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে এসব ফি নিয়ে সমালোচনা করে। ফি কমানোর দাবিতে উপাচার্যকেও স্মারকলিপি দেন তারা।
 
অফিস আদেশে আরও জানানো হয়, যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন।