ইউপি নির্বাচন: দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের পরে দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লক্ষ ২৯ হাজার ৭৪৯ জন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি জানান, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯। এ তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তারা যুক্ত হয়েছেন। তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

ইসির ঘোষণা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।

এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।

প্রাথমিকভাবে নভেম্বর থেকে মে মাসের মধ্যে ৭ ধাপে ভোট করার পরিকল্পনা ছিল ইসির। সেই অনুযায়ী ৩১ অগাস্ট ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তখনকার তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, কেবল তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।