বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ই/এম প্রকল্পে ওভারটাইম বিলসংক্রান্ত নথিপত্রে নানা অসংগতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এসব অসংগতি শনাক্ত করে। এ সময় সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি এবং ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ যাচাইয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়। তাছাডা যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতের নামেও সরকারি অর্থ আত্মসাতের তথ্য পেয়েছে দুদক। ভুয়া বিল-ভাউচার তৈরি এবং অনিয়মের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগ খতিয়ে দেখছে আভিযানিক দল।
বেবিচক ও দুদক সূত্র জানায়, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঠিকাদারদের বিল পরিশোধে কমিশন দাবি, সরঞ্জাম কেনার নামে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুসের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ আছে।
বিলসংক্রান্ত বিভিন্ন নথি পর্যালোচনা করে প্রাথমিকভাবে নানা অসংগতি দেখতে পায় এনফোর্সমেন্ট টিম। পাশাপাশি ঠিকাদারদের বিল ও সরঞ্জাম কেনাকাটার অভিযোগ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ জানান, সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
বেবিচক সূত্রে জানা যায়, সকালে দুদকের দলটি প্রথমে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। এই সময় চেয়ারম্যান তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। পরে দলটি ই/এম বিভাগে অভিযান চালায়। এ সময় বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) শাহরিয়ার মোরশেদ সিদ্দিকীর দপ্তরেও যান দুদক কর্মকর্তারা।
অভিযানকালে ই/এম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শুভাশিষ বড়ুয়ার কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চান দুদক কর্মকর্তারা।
এই বিষয়ে বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাউছার মাহমুদ বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।