নতুন শুল্কনীতিতে চীন ও ইউরোপকে লক্ষ্যবস্তু করছেন ট্রাম্প

সুপ্রিম কোর্টের রায়ে চলতি বছরের শুরুতে আরোপ করা ট্রাম্প প্রশাসনের ব্যাপকভিত্তিক বৈশ্বিক শুল্ক বাতিল হওয়ার পর নতুন করে বাণিজ্যনীতির কর্মসূচি এগিয়ে নিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আরও কয়েক ডজন দেশের ওপর শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। খবর সিএনএন এর। 

প্রস্তাবিত নতুন শুল্কের আওতায় চীন ও ভিয়েতনামের পণ্যে ২০ শতাংশ হারে শুল্ক বসতে পারে, যা তদন্তের আওতায় থাকা ১৪টি বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ প্রাথমিক হার। তবে আগে থেকে বিদ্যমান বাণিজ্য চুক্তির শর্ত মেনে না চললে এই হার আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে চীনের ওপর শুল্কের হার ৪০ শতাংশ এবং ভিয়েতনামের ক্ষেত্রে ৩৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের পণ্যে প্রাথমিকভাবে ১৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী এই হার বেড়ে ২০ শতাংশ হতে পারে।

প্রস্তাবিত শুল্কের আওতা থেকে জ্বালানি, যুক্তরাষ্ট্রে সহজে উৎপাদন করা সম্ভব নয়—এমন কিছু খাদ্যপণ্য, নির্দিষ্ট কিছু সেমিকন্ডাক্টর চিপ ও ওষুধকে ব্যাপকভাবে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি গাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো পণ্যের ওপর আগে থেকেই কার্যকর শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হবে না।

নতুন শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ার আশঙ্কা কম বলে মনে করছে প্রশাসন। এর পেছনে শুল্কের আওতা থেকে বেশ কিছু পণ্যকে বাদ দেওয়ার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আগেভাগেই এসব শুল্কের বিষয়টি বিবেচনায় নিয়ে পণ্যের দাম নির্ধারণ করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত শুল্কের হার আগের শুল্কের কাছাকাছি হওয়ায় বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলেও ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) কয়েক মাসের তদন্তের ভিত্তিতে নতুন এই শুল্ক প্রস্তাব তৈরি করা হয়েছে। তদন্তে মূলত বিদেশি সরকারগুলো ভর্তুকি, অনুকূল ঋণ সুবিধা এবং অন্যান্য নীতিগত সহায়তার মাধ্যমে অতিরিক্ত উৎপাদনকে উৎসাহিত করছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এ ধরনের সরকারি সহায়তার ফলে বিদেশি প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকের তুলনায় বেশি পণ্য উৎপাদন করতে পারছে। পরে এসব পণ্য কৃত্রিমভাবে কম দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে তারা যুক্তরাষ্ট্রের স্থানীয় উৎপাদকদের প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে।

এদিকে, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠকে দুই নেতাকে বেশ বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে নতুন করে চীনের ওপর শুল্ক আরোপের উদ্যোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে।

মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের ধাক্কা কাটিয়ে ওঠার পর ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আবারও প্রেসিডেন্টের বাণিজ্যনীতিকে অগ্রাধিকার দিতে চাইছেন। তবে এই উদ্যোগ সাধারণ ভোটারদের মধ্যে খুব একটা জনপ্রিয় হওয়ার সম্ভাবনা নেই। এমনকি নিজ দল রিপাবলিকান পার্টির কয়েকজন আইনপ্রণেতাও শুল্কনীতির বিরোধিতা করছেন।

সিএনএনের ভোটার জরিপের জাতীয় ফলাফল অনুযায়ী, ভোটারদের প্রায় দুই-তৃতীয়াংশ মনে করেন, ট্রাম্পের শুল্কনীতি যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনীতির ক্ষতি করছে। প্রায় সমানসংখ্যক ভোটার মনে করেন, এই নীতি তাঁদের স্থানীয় অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।