আইসল্যান্ড ক্রিকেটের রসিকতা, সূর্যবংশীর ব্যাটে আছে এআই চিপ!

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটবিশ্বকে রীতিমতো চমকে দিয়েছেন ভারতীয় বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এ সংযুক্ত আরব আমিরাত ‘এ’ দলের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের অতিমানবীয় ইনিংস খেলে ভেঙে দিয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের একগাদা রেকর্ড। 

২৮টি ছক্কা ও ৭টি চারের সেই অবিশ্বাস্য তাণ্ডব দেখে যখন সূর্যবংশী ভাসছেন প্রশংসার সাগরে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে আইসল্যান্ড ক্রিকেট দাবি করেছে, এই কিশোরের ব্যাটের ভেতর নাকি কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ! অন্যদিকে, ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সূর্যবংশীকে দেশের ভবিষ্যৎ আখ্যা দিলেও অযথা তুলনা করে তাঁর কাঁধে চাপ না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারত ‘এ’ দলকে সেমিফাইনালে তোলার পথে সূর্যবংশী প্রথমে মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ককে পেছনে ফেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের নতুন বিশ্বরেকর্ড গড়েছে। এরপর আরও বিধ্বংসী হয়ে উঠে ৫৩ বলে ছুঁয়ে ফেলেন ডাবল সেঞ্চুরি, যা লিস্ট ‘এ’ ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি, আর এক ইনিংসে ২৮টি ছক্কা হাঁকিয়ে পেশাদার ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। 

এমন অবিশ্বাস্য ব্যাটিং প্রদর্শনীর পর এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ফিরে আসার প্রসঙ্গ টেনে এনে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) আইসল্যান্ড ক্রিকেট রসিকতা করে লিখেছে, ‘এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে মঙ্গলবার জেনসেন হুয়াং এনভিডিয়ার সিইও হিসেবে ফিরে এসেছেন এবং বুধবার বৈভব সূর্যবংশীর ব্যাটের ভেতরের এআই চিপগুলোও আবার সচল হয়ে উঠেছে।’ 

মজার এই রসিকতার পাশাপাশি ভারতীয় ক্রিকেটাঙ্গনেও চলছে সূর্যবংশীকে ঘিরে উচ্ছ্বাস। আইপিএলেও নজরকাড়া পারফরম্যান্স দেখানো এই কিশোরকে বড় সম্ভাবনাময় হিসেবে দেখছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, তবে এখনই প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে তাঁর তুলনা টানতে বারণ করেছেন তিনি। 

বুধবার ভারতীয় সংবাদ সংস্থা ‘এএনআই’-কে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘সে খুব ভালো খেলোয়াড়। এই বয়সে আইপিএলেও সে দারুণ খেলেছে। সে বিশাল এক সম্ভাবনা। ভারতের হয়েও যতটুকু সুযোগ পেয়েছে, ভালো খেলেছে। সে-ই ভবিষ্যৎ। কোনো তুলনা-টুলনা করবেন না; ওকে খেলতে দিন। সে একজন বাঁহাতি ব্যাটার, বয়স মাত্র ১৫-১৬ বছর, ওকে নিজের মতো খেলতে দিন।’