দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হলেও ষড়যন্ত্রকারীরা বসে নেই: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরের ভয়াবহ দুঃশাসনে মানুষের ভোটাধিকার, বাক্‌স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতাসহ সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা ছিল না। বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা ছিল অবর্ণনীয়।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হলেও ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। তাই ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হতে পারবে না। শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সব সময় আমাদের অনুপ্রাণিত করবে।

শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আশির দশকে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় নাম। গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ডা. মিলনের আত্মদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন সরকারের লেলিয়ে দেওয়া পেটোয়া বাহিনীর গুলিতে তিনি শহীদ হন।’

তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে গিয়েই ডা. শামসুল আলম খান মিলন আত্মত্যাগ করেছেন। সব কর্তৃত্ববাদী ও গণতন্ত্রবিরোধী স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ডা. মিলন সব সময় আমাদের প্রেরণার উৎস। গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে পারলেই ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হবে।