সীতাকুণ্ডে ট্রেইলারের চাপায় নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কর্মরত অবস্থায় ট্রেইলারের নিচে চাপা পড়ে শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল আজম চৌধুরী (রিপন) বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী গ্রামের বাসিন্দা। তিনি কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মফজল আহমদ চৌধুরীর দ্বিতীয় পুত্র। তিনি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে স্কেল এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে ডিপোর ভেতরে দায়িত্ব পালনকালে একটি ট্রেইলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।