বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ পৃথক অ‌ভিযা‌নে বি‌ভিন্ন স্থান থে‌কে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে‌ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তা‌দের কক্সবাজার শহরের কলাতলি, বাঁশখালী উপজেলার বৈলছড়ি ও জলদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানা সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর রাতে কক্সবাজার সদর থানাধীন কলাতলী সী প্যালেস হোটেল হতে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে সকালে বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক ও বাঁশখালী সরকারী আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দিন আকাশ, ছাত্রলীগের সক্রিয় সদস্য মারুফুল ইসলাম এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য  হাসিবুল ইসলাম তানভীরকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানের উপজেলার বৈলছড়ি পাহাড়ী এলাকা থেকে বাঁশখালী পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাঁশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।