মশার কামড়ে প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই মাস থেকে পা নাড়াতে পারছেন না মান্ডি বুড। ভাইরাসটির সংক্রমণে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
২০২৬ সালে এ পর্যন্ত অঙ্গরাজ্যটিতে এ ভাইরাসে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ জন। রেকর্ড অনুযায়ী, এটি ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর। সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা অনেক বেশি ছিল। মশার বংশবিস্তারের জন্য এ ধরনের আবহাওয়া অনুকূল।
ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয় উগান্ডায়। ১৯৯৯ সালের আগে এটি যুক্তরাষ্ট্রে ছড়ায়নি। এ ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর মাধ্যমে মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। ভাইরাসটি সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা। এর কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এ ভাইরাসে আক্রান্ত অধিকাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। তবে কিছু মানুষের ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। প্রায় এক শতাংশ আক্রান্তের মস্তিষ্কে প্রাণঘাতী সংক্রমণ দেখা দিতে পারে।