ইন্দোনেশিয়ার অবৈধ সোনার খনিতে আটকা ১৩ শ্রমিকের মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূগর্ভস্থ একটি অবৈধ সোনার খনি পানিতে প্লাবিত হওয়ার পর সেখানে আটকা পড়া শ্রমিকদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। খনিটিতে এখনো আটকা পড়ে থাকা আরও ১৩ শ্রমিককে উদ্ধারের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার তল্লাশি অভিযান ফের শুরু করা হয়েছে।

রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বোগোর জেলার উন্মুক্ত সোনার খনিটির সুড়ঙ্গ গত সোমবারের প্রবল বৃষ্টিতে প্লাবিত হয় আর ভূগর্ভের ৩২৮ ফুট গভীরে ২৬ জন শ্রমিক আটকা পড়েন। পশ্চিম জাভা পুলিশের প্রধান হেংকি জানান, যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে ছয়জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আবহাওয়া খারাপ না হলে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, খনিটির প্রবেশ পথটি অত্যন্ত সরু আর বৃষ্টিতে পিচ্ছিল হয়ে থাকায় সেখানে প্রবেশ করা এমনিতেই কঠিন, তার মধ্যে পুরো সুড়ঙ্গটি অন্ধকার হয়ে আছে। ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থা জানিয়েছে, উদ্ধারকারীরা খনির দুটি সুড়ঙ্গের ওপর বিশেষ নজর দিচ্ছেন এবং ভেতরে প্রবেশের জন্য দড়ি ব্যবহার করছেন।